রিয়ালে মরিনহো অধ্যায়ের শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমই রিয়ালে মরিনহোর শেষ মৌসুম—এমন গুঞ্জন কিছুদিন ধরেই ভাসছিল বাতাসে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। কাল রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা করলেন, রিয়ালে এটাই হোসে মরিনহোর শেষ মৌসুম। ‘কোচের সঙ্গে আলোচনা করেই চলতি মৌসুম শেষে আমরা সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি’—কাল মাদ্রিদে সংবাদ সম্মেলনে বললেন পেরেজ।কিংস কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে রিয়ালের হারের পরই রিয়ালে মরিনহোর শেষ দেখেছিলেন অনেকেই। ওই পরাজয়ে বড় কোনো শিরোপা ছাড়াই এবার মৌসুম শেষ হয়েছে রিয়ালের। এই মৌসুমে শিরোপা বলতে মরিনহোর রিয়াল জিতেছে শুধু স্প্যানিশ সুপার কাপ। তবে মরিনহো পদত্যাগ করবেন, নাকি তাঁকে রিয়াল বরখাস্ত করবে, এটাও ছিল দেখার বিষয়। দুটির কোনোটিই হয়নি। পেরেজ জানালেন, পাস্পরিক সমঝোতার ভিত্তিতেই রিয়াল ছাড়বেন মরিনহো। আগেভাগে ক্লাব ছেড়ে যাওয়ার জন্য রিয়াল কোনো ক্ষতিপূরণও দেবে না মরিনহোকে।২০১০ সালে ইন্টার মিলান থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মরিনহো। বার্সেলোনার আধিপত্য ছাপিয়ে ২০১২ সালে তাঁর অধীনেই রিয়াল জেতে লিগ শিরোপা। বর্তমান চুক্তি অনুযায়ী ২০১৬ সাল পর্যন্ত রিয়ালেই থাকার কথা ছিল মরিনহোর। এদিকে রিয়ালে মরিনহোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেইর কোচ কার্লো আনচেলত্তির নাম। তবে পেরেজ জানালেন, আনচেলত্তির বিষয়ে এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। এএফপি।