রিয়ালেই অবসর নেবেন রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও যাবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালে থেকেই অবসর নেবেন পর্তুগিজ উইঙ্গার—ফ্লোরেন্তিনো পেরেজ বরাবরই কথাটা বলে এসেছেন। গতকালও কথাটার পুনরাবৃত্তি করেছেন রিয়াল সভাপতি।রিয়ালের সঙ্গে রোনালদোর চুক্তি ২০১৫ পর্যন্ত। তবে গত মৌসুমে রিয়ালের ব্যর্থতার পর খবর বেরোয়, ক্লাব ছাড়ছেন সাবেক ফিফা বর্ষসেরা খেলোয়াড়। সেই গুঞ্জন উসকে দেয় নতুন চুক্তিতে সই না করার খবর রোনালদো নিজেই চাউর করলে। এমনও শোনা যাচ্ছিল, রোনালদো পুরোনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসছেন।অবশেষে সব গুঞ্জনের আগুনে জল ঢেলে দিয়েছেন রোনালদো নিজেই। রিয়ালেই আপাতত থেকে যেতে চান পর্তুগিজ উইঙ্গার। খুব সম্ভবত নতুন চুক্তিতেও সই করবেন। তা হলে ২০১৮ পর্যন্ত রোনালদো রিয়ালে থেকে যাবেন বলেই শোনা যাচ্ছে। মানে ৩৩ বছর বয়স পর্যন্ত রোনালদোকে রিয়ালে নিশ্চিত করতে চান পেরেজ। শুধু তা-ই নয়, রোনালদো এই ক্লাবে খেলেই অবসরে যাবেন বলে একরকম ঘোষণাও দিয়ে বসেছেন আরেক মেয়াদে নবনির্বাচিত ক্লাব সভাপতি। গতকাল স্প্যানিশ গণমাধ্যমের কাছে আবারও পেরেজ বলেছেন, ‘যে ব্যক্তি রিয়ালে অবসর নিতে চায়, সে হলো রোনালদো। রিয়ালও চায়, রোনালদো এখানে থেকেই অবসর নিক।’নতুন চুক্তির ব্যাপারেও প্রবল আশাবাদী রিয়াল সভাপতি, ‘নতুন চুক্তি নিয়ে এখনো আলোচনা হয়নি। কারণ, রোনালদো এখন ছুটিতে আছে। কোনো সন্দেহ নেই, রোনালদো এখানে থেকেই অবসর নিতে চায়। জিনেদিন জিদান বা অন্য গ্রেট খেলোয়াড়েরা যেটা করেছে।’শোনা যাচ্ছে, টটেনহাম তারকা গ্যারেথ বেলকে নেওয়ার চেষ্টা করছে রিয়াল। তবে খবরটাকে নিছক ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন পেরেজ, ‘গ্যারেথ অসাধারণ খেলোয়াড়। সে এমন এক ক্লাবের হয়ে খেলছে, যার সঙ্গে আমাদের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ। কিন্তু তাকে নেওয়ার জন্য কোনো প্রস্তাব আমরা দিইনি।’ গঞ্জালো হিগুয়েইনকে আর্সেনালের কাছে বিক্রি করে দেওয়ার খবরটাও মিথ্যে বলে দাবি তাঁর, ‘আমরা চাই না সে (হিগুয়েইন) ক্লাব ছেড়ে যাক। তাকে নেওয়ার জন্য আর্সেনালের পক্ষ থেকেও কেউ আমাদের প্রস্তাব দেয়নি।’