রিয়ালেই থাকতে চান কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে জোর গুজব উঠেছিল, ক্লাব ফুটবলের পরবর্তী মৌসুমেই ইংল্যান্ডের কোনো ক্লাবে পাড়ি জমাবেন রিয়াল মাদ্রিদের প্লে-মেকার কাকা। তাঁর মায়ের একটা টুইটার বার্তার পর সেই গুজবটা আরও ডালপালা মেলেছিল। আগস্ট থেকেই ছেলেসহ তিনি লন্ডনে থাকবেন বলে দাবি করেছিলেন সেই বার্তায়। কিন্তু সেসব গুজব একেবারেই উড়িয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। এই গ্রীষ্মে তিনি বার্নাবুতেই থাকবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন।২০০৯ সালে ইতালিয়ান ক্লাব এসি মিলান থেকে রিয়াল মাদ্রিদে এসেছিলেন কাকা। কিন্তু এখানে সময়টা খুব একটা ভালো কাটেনি তাঁর। ইনজুরির কারণে বেশির ভাগ সময়ই কাটাতে হয়েছে মাঠের বাইরে। গতকাল রিয়াল মাদ্রিদে তাঁর থাকার ব্যাপারটা নিশ্চিত করে তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি রিয়াল মাদ্রিদেই থাকতে চাই। রিয়ালের হয়েই পরবর্তী মৌসুমের ক্লাব ফুটবল খেলতে চাই। আমার মা ধর্ম প্রচারের জন্য লন্ডনে যাবেন আগামী সেপ্টেম্বরে। কিন্তু আমি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার কথা চিন্তা করছি না। কার্লো আনচেলত্তির সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে, এটা ঠিক। কিন্তু সত্যি কথা হলো, আমি রিয়ালেই থাকব। আমার মাদ্রিদে থাকতে খুবই ভালো লাগে।’—সকারনেট