রিয়ালেই থাকতে চান কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথাও যাবেন না, থাকবেন রিয়াল মাদ্রিদেই। কথাটি আবারও জোর গলায় বলেছেন ব্রাজিলীয় মিডফিল্ডার কাকা।রিয়াল খেলবে মাঠে আর এই তারকা বসে থাকবেন ডাগ আউটে—এটাই যেন নিয়মে পরিণত হয়েছে। বিষয়টি কাকার মাপের একজন ফুটবলারের কাছে অত্যন্ত কষ্টের। কোচ হোসে মরিনহোর ওপর চাপা অভিমান থাকাও তাই অস্বাভাবিক নয়। তাঁকে নিয়ে মধ্য মৌসুম দলবদলের সময়ই গুঞ্জনটা ছিল। কাকা যদি সে সময় অন্য একটি দল বেছে নিতেন, তাহলে তাঁকে খুব একটা দোষও দেওয়া যেত না। তবে ৩০ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, অন্য কোথাও যাবেন না, রিয়ালেই থাকবেন তিনি। দলের মূল একাদশে স্থান ফিরে পাওয়ার জন্য লড়াইটা চালিয়ে যাবেন তিনি।‘আমার চুক্তি শেষ হতে আরও তিন বছর বাকি। ভবিষ্যতে রিয়ালের হয়েই খেলতে চাই আমি। লা লিগা জয় আমার ক্যারিয়ারের একটি মাইলফলক’—গ্লোবো টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন কাকা।কাকা স্বীকার করেন, আগের ক্লাবগুলোর তুলনায় রিয়ালে কম গুরুত্ব পাচ্ছেন তিনি। তবে এটিকেই ঘুরে দাঁড়ানোর একটা প্রেরণা হিসেবে দেখতে চান এসি মিলানের সাবেক খেলোয়াড় কাকা, ‘এখানকার অবস্থা আগের তুলনায় ভিন্ন। একসময় দলের অপরিহার্য খেলোয়াড় ছিলাম আমি। অথচ রিয়ালে তেমন সুযোগই পাই না। তবে এটি আমাকে আবারও দলের অপরিহার্য খেলোয়াড় হয়ে উঠতে প্রেরণা জোগায়।’লা লিগা জিতলেও একটা দুঃখ অবশ্য রয়ে গেছে কাকার। এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে পারেনি রিয়াল। সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হারের পর দ্বিতীয় লেগে টাইব্রেকারে হারে রিয়াল। দ্বিতীয় লেগে রিয়ালের ব্যর্থ ফুটবলারদের তালিকায় ছিলেন কাকা নিজেও। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। কাকা জানিয়েছেন, বায়ার্ন মিউনিখের বিপক্ষে স্পট কিকে গোল করতে না পারা তাঁর ক্যারিয়ারে ব্যর্থতাগুলোর মধ্যে অন্যতম।‘এটা এমন একটা মুহূর্ত, যা গোটা জীবন বয়ে বেড়াতে হবে আমাকে। এ ছাড়া মিলানের হয়ে ২০০৫ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হার, ২০১০ বিশ্বকাপ ফুটবলে ব্যর্থতার মতো অনেক নেতিবাচক অভিজ্ঞতা রয়েছে আমার।’ সূত্র: ওয়েবসাইট।