রিয়ালেই শেষ টানতে চান ক্যাসিয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউলও চেয়েছিলেন। পারেননি। রিয়াল মাদ্রিদে ১৮ বছর কাটিয়ে শেষ পর্যন্ত ক্লাব পাল্টেছেন। রাউল না পারলেও ইকার ক্যাসিয়াস চান, শুরুর সঙ্গে শেষের বিন্দু মিলিয়ে বৃত্ত পূরণ করতে। রিয়ালেই অবসর নিতে চান ৩১ বছর বয়সী গোলরক্ষক।যুবদলে দুই বছর, এরপর সিনিয়র দলে ১৬—দেড় যুগ রিয়ালে খেলেছেন রাউল। সর্বোচ্চ গোলদাতা তো বটেই, রিয়ালের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার (৭৪১টি) রেকর্ডটিও রাউলের। রাউলের রেকর্ড থেকে ৯০ ম্যাচ দূরে থাকা ক্যাসিয়াসের শুরুটাও হয়েছিল রিয়ালের যুবদলে। ১৯৯০ সালে মাত্র নয় বছর বয়সে এই ক্লাবে এসেছিলেন। ‘সি’ দল, ‘বি’ দল হয়ে ১৯৯৯ সালে সিনিয়র দলে অভিষেক। তখন থেকেই রিয়ালের গোলদুর্গের বিশ্বস্ত প্রহরী। কিন্তু গত ১০ বছরে প্রথমবারের মতো বাদ পড়ার অভিজ্ঞতাও হয়েছে ক্যাসিয়াসের। অনেকের কাছেই যেটা অবিশ্বাস্য। যে কারণে মাদ্রিদের একটা বড় অংশের কাছে মরিনহো এখন খলনায়ক। কিন্তু ক্যাসিয়াস বলেছেন, রিয়ালে ক্যারিয়ার শেষ করার যে লক্ষ্য অনেক আগে স্থির করেছেন, এই ঘটনা তাতে কোনো প্রভাবই ফেলেনি, ‘আমার প্রতি মানুষ যে ভালোবাসা দেখিয়েছে, এর জন্য ধন্যবাদ জানাই। ১৭ বছর বয়স (সিনিয়র দলে অভিষেক) থেকেই আমি অণুবীক্ষণ যন্ত্রের নিচে। যখনই ক্লাবের হয়ে খেলেছি, আমার দায়িত্ব ছিল এমন কিছু করা যাতে সমর্থকেরা গর্বিত হয়। এটা অসাধারণ এক ক্লাব। আমি এখানে থেকেই অবসরে যেতে চাই।’দল থেকে বাদ পড়াটাকে চ্যালেঞ্জ হিসেবেও নিয়েছিলেন বলেই জানালেন, ‘সত্যটা হলো, আমি চালেঞ্জ ভালোবাসি। নিজের যোগ্যতার প্রমাণ আবার দিতে হবে। এটাকে উপভোগ করতে হবে, দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। সতীর্থদের সমর্থন দিয়ে আরও বেশি করে অনুশীলন করতে হবে যেন আমি ফিরে আসতে পারি, যেন সেই আত্মবিশ্বাসও আবার ফিরে আসে, যদি সেটা হারিয়ে গিয়ে থাকে। এই ভাবনা বরং আমাকে আরও শক্তিশালীই করেছে।’ ওয়েবসাইট।