রিয়ালের অগ্নিপরীক্ষার রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েকটা দিন বেশ ব্যস্ত কেটেছে সান্তিলানার। মাদ্রিদের রেডিও-টিভিতে শোনাচ্ছেন ক্লাবের বীরত্বগাথা, লিখছেন পত্রিকায়-ওয়েবসাইটে। রিয়াল মাদ্রিদের হয়ে ১৭ মৌসুমে প্রায় ৮০০ ম্যাচ খেলেছেন। গল্প করার মতো কীর্তি আর স্মৃতির অভাব নেই সান্তিলানার। তবে রিয়াল কিংবদন্তি গত কয়েক দিনে ঘুরিয়ে-ফিরিয়ে শোনাচ্ছেন শুধু দুটি ম্যাচের গল্প। যে দুই ম্যাচে রিয়ালের অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর রূপকার তিনি নিজে। উদ্দেশ্য একটাই, উত্তরসূরিদের উদ্বুদ্ধ করা। অনুপ্রেরণার ইতিহাস থেকে মনে এই বিশ্বাস বুনে দেওয়া—প্রথম লেগ ৪-১ গোলে হারলেও সম্ভব। ১৯৭৫ সালের ইউরোপ-সেরা টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ডার্বি কাউন্টির কাছে ঠিক এই ৪-১ গোলেই হেরেছিল রিয়াল। পরের লেগে বার্নাব্যুতে রিয়াল জেতে ৫-১ গোলে। ১৯৮৫ সালে উয়েফা কাপের শেষ ষোলোতে প্রথম লেগে বরুসিয়া মনশেনগ্লাডবাগের কাছে হেরেছিল ৫-১ গোলে। পরের লেগ বার্নাব্যুতে জিতেছিল ৪-০ গোলে। দুবারই দুটি করে গোল করেছিলেন সান্তিলানা। সাবেক স্ট্রাইকারের বিশ্বাস, ‘ম্যাচে যদি জ্বলে ওঠা যায়, বার্নাব্যু পুড়িয়ে দেয় সবকিছুই।’ইতিহাসের প্রেরণা আর নিজের মাঠ ও সমর্থকের ভরসায় আজ বরুসিয়া ডর্টমুন্ডকে গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রিয়াল। কাজটা অশীতিপর বুড়োর এভারেস্ট জয়ের মতোই কঠিন। প্রয়োজন ন্যূনতম ৩-০ গোলে জয়। তিন গোল দেওয়ার পর প্রতিপক্ষ এক গোল দিলে নিজেদের করতে হবে দুটি। ভীষণ দুঃসাধ্য, যদিও অসম্ভব নয়। তবে কাজটা অসম্ভব হয়ে উঠতে পারে ম্যাচের আগেই, যদি একাদশে না থাকে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। সেই শঙ্কা কিন্তু জেগেছিল। প্রথম লেগে ডর্টমুন্ড থেকে ঊরুর পেশিতে টান নিয়ে ফেরায় শনিবার খেলতে পারেননি মাদ্রিদ ডার্বিতে, রোববার একা অনুশীলন করেছেন ফিটনেস ট্রেনারের সঙ্গে। কাল অবশ্য দলের সঙ্গে অনুশীলন করে রিয়ালকে বড় একটা স্বস্তিই উপহার দিয়েছেন।চ্যাম্পিয়নস লিগে দলের ২৪ গোলের অর্ধেক করেছেন একাই। রোনালদোকে নিয়ে অনিশ্চয়তার সময় স্যামি খেদিরা তাই বলেছিলেন, ‘সবাই জানে, ম্যাচের গুরুত্ব যা-ই হোক না কেন, প্রতিটি ম্যাচে মাঠে নামতে মুখিয়ে থাকে ক্রিস্টিয়ানো। ও দারুণ পেশাদার। মঙ্গলবার ওকে আর ওর গোল অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন আমাদের।’রোনালদো আজ নামছেন বলে ধরেই নেওয়া যায়। বাজে ফর্মে থাকা পেপের জায়গায় ফিরছেন আরবেলোয়া, রামোস ফিরবেন সেন্ট্রাল ডিফেন্সে। লুকা মডরিচের জায়গায় একাদশে ফিরছেন মাদ্রিদ ডার্বি জয়ের নায়ক অ্যাঙ্গেল ডি মারিয়া। আর্জেন্টাইন উইঙ্গারের বিশ্বাস, শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়লে ফাইনালে ওঠা খুব কঠিন কিছু হবে না, ‘সেমিফাইনাল উতরানোর খুব ভালো সম্ভাবনা আছে আমাদের। গত বছর বায়ার্নের বিপক্ষে শুরুতে দুর্দান্ত খেলে ২-০-তে এগিয়ে গিয়েছিলাম আমরা (দ্বিতীয় লেগে)। ফুটবলে যেকোনো কিছুই হতে পারে।’তবে তেড়েফুঁড়ে আক্রমণে ওঠার অন্য দিকটা আবার তুলে ধরেছেন খেদিরা, ‘শুরুতে গোল করা গুরুত্বপূর্ণ, তবে প্রতিপক্ষ শুরুতে গোল করে ফেললে উল্টো আরও বেশি চাপে পড়তে হবে। আমাদের তাই একটি মধ্যপন্থা বেছে নিতে হবে।’এত সমীকরণেই কোনো বালাই নেই ডর্টমুন্ডের। আগের ম্যাচের একাদশ নিয়েই নামার সম্ভাবনা বেশি। বাস্তবতা বলছে, ওয়েম্বলিতে এক পা তারা দিয়েই রেখেছে। ডিফেন্ডার ম্যাটস হামেলস অবশ্য তবু সতর্ক, ‘আমরা এখনো ফাইনালে এক পা দিইনি, আঙুলের মাথাটা দিয়েছি মাত্র। কেউ যদি ভাবে মাদ্রিদে গিয়ে ৩-০-তে হারা অসম্ভব, সেটা হবে ধৃষ্টতা।’শুধু সান্তিলানা কেন, হামেলসের কথা থেকেও তো অনুপ্রেরণা খুঁজে পেতে পারে রিয়াল! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।