রিয়ালের আক্রমণাত্মক ফুটবলের পসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার বার্সার সঙ্গে গায়ে গা ঘেঁষে রিয়াল মাদ্রিদের চলাটা শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়ে দিয়েই তুলে এনেছে রিয়ালকে। পরশু ভিয়ারিয়ালকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে চলার গতিটা ঠিক রাখল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ শিরোপা লড়াইয়ে প্রায় সমান সমান এগিয়ে চলা এই দুই দলের পয়েন্ট ব্যবধান ২। ২৩ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। রিয়ালের পয়েন্ট ৫৬। ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা, করিম বেনজেমা, গঞ্জালো হিগুয়েইন...রিয়াল মাদ্রিদের এই তারকাপুঞ্জের ম্লান আলো নিয়ে সমালোচনা কম হয়নি। গত সপ্তাহেও ব্রাজিলিয়ান প্লে-মেকার কাকার পারফরম্যান্স ব্যবচ্ছেদ হয়েছে ফুটবল পণ্ডিত আর সাধারণ দর্শকদের সমালোচনার ছুরিতে। এত সমালোচনা সহ্য হওয়ার কথা নয় তাঁদের। পরশু ভিয়ারিয়ালকে দলিতমথিত করতে পসরা সাজিয়ে বসলেন তাঁরা দৃষ্টিনন্দন আক্রমণাত্মক ফুটবলের। গোলের বন্যা বইল। রোনালদোর শুরু করে দেওয়া সেই গোলবন্যার স্রোতকে পূর্ণতা দিয়েছেন কাকা (২টি), হিগুয়েইন (২) ও জাভি আলোনসো।পর্তুগালে ক্রিস্টিয়ানো রোনালদোর শহর ম্যাদেরাইতে হয়েছে ভয়াবহ বন্যা। প্রাণহানিও হয়েছে অনেক। অশান্ত মন নিয়েই পরশুর ম্যাচটি খেলতে নেমেছিলেন পর্তুগিজ উইঙ্গার। তবে রিয়ালকে এগিয়ে দিতে ১৮ মিনিটে ঠান্ডা মাথায় করলেন এক ফ্রি-কিক। সরাসরি গোল, তা থেকেই শুরু রিয়ালের গোলবন্যা। গোলটি ম্যাদেইরার দুর্যোগপীড়িত মানুষকেই উৎসর্গ করেছেন রোনালদো, ‘আমি শোকস্তব্ধ। এটা আসলে বড় এক বিপর্যয়। নজিরবিহীন এক ট্র্যাজেডি। আমি আজকের (রোববার) গোলটি ওখানকার বিপর্যস্ত মানুষদের উৎসর্গ করলাম।’রোনালদোর গোলের মিনিট ২ পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কাকা। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি রিয়াল। বরং ৩১ মিনিটে মার্কোস সেনার মাধ্যমে একটি গোল ফিরিয়েও দেয় ভিয়ারিয়াল। তবে প্রথমার্ধের প্রায় পুরোটা সময়জুড়েই ছিল রিয়ালেরই আধিপত্য।দ্বিতীয়ার্ধে কাজে নেমে পড়েন রিয়ালের আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়েইন। ৫৪ মিনিটে রোনালদোর ডানপ্রান্তিক একটি ক্রস থেকে গোল করেন তিনি। প্রায় পুরোটা সময়ই চাপের মুখে থেকেও ৬৬ মিনিটে নিলমারের অসাধারণ দক্ষতায় ব্যবধান কমায় ভিয়ারিয়াল (৩-২)। কিন্তু হিগুয়েইন ৭১ মিনিটে পেয়ে যান তাঁর দ্বিতীয় গোল (৪-২)। মিনিট আটেক পর কাকাও পূর্ণ করেন জোড়া গোল। আর ভিয়ারিয়ালের রাতটিকে নিকষ কালোয় ভরে দিতে ৮৭ মিনিটে পেনাল্টি থেকে ষষ্ঠ গোলটি করেন আলোনসো।স্কোরলাইন অনেক কিছু বলে, আবার কিছুই বলে না। পরশুর স্কোরলাইনটাও সে রকম এক ধন্ধের। ৬-২ স্কোরলাইন রিয়ালের একচেটিয়া আধিপত্যের কথাই বলবে। কিন্তু সেই আধিপত্য যে কতটা ছিল সেটা বোঝাতে পারবে না। তা পারত যদি ব্যবধানটা আরও বড় হতো। রোনালদো, হিগুয়েইন ও কাকা মিলে আরও প্রায় হাফ ডজন সহজ গোলের সুযোগ মিস করেছেন। ইতালিয়ান সিরি ‘আ’তে আগের দিন ইন্টার মিলানের সাম্পদোরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করার সুযোগটা কাজে লাগিয়েছে অন্য তিন শিরোপা প্রতিদ্বন্দ্বী এসি মিলান, এএস রোমা ও জুভেন্টাস। বরিয়েল্লো ও পাতোর গোলে মিলান বারিকে হারিয়েছে ২-০ গোলে, বোলোনিয়ার বিপক্ষে জুভেন্টাসকে ২-১-এ জিতিয়েছেন ডিয়েগো ও কান্দ্রেভা। আর কাতানিয়ার বিপক্ষে রোমা জিতেছে ভুচিনিচের একমাত্র গোলে। এই জয়ে শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে এল তিন দলেরই। ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট ইন্টারের। ৫ পয়েন্ট কম নিয়ে রোমা দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা এসি মিলানের ৪৮ পয়েন্ট ২৪ ম্যাচে। ৪১ পয়েন্ট নিয়ে জুভেন্টাস উঠে এসেছে চার নম্বরে।ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের শীর্ষ চারে থেকে লিগ শেষ করার স্বপ্ন ধাক্কা খেয়েছে আবার। পরশু ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যান সিটি, ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট পাওয়া লিভারপুল এখন ষষ্ঠ স্থানে। এএফপি।