রিয়ালের আগাম উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বাঁশিটা বেজে উঠতেই ন্যু ক্যাম্পের এক প্রান্তে সাদা একটা বৃত্ত তৈরি হলো। রোনালদো-ওজিল-ক্যাসিয়াস-হিগুয়েইনরা গোল হয়ে দাঁড়িয়ে একে-অন্যের কাঁধে হাত রেখে লাফাচ্ছেন। হাসছেন, চিৎকার করছেন। গ্যালারিতে তখন সংখ্যালঘু রিয়াল সমর্থকদেরই দাপট, ‘বার্সা, বার্সা’ প্রকম্পিত চিৎকার তোলা কণ্ঠগুলো স্তব্ধ। মাঠের মধ্যেই উৎসব করে ফেলল রিয়াল মাদ্রিদ। বার্সার বিপক্ষে প্রতিশোধ নেওয়ার উৎসব? নাকি শিরোপা জয়ের!মেসি-ইনিয়েস্তারা তখন পার্শ্বচরিত্র। মাথা নুয়ে ক্লান্ত হাঁটা দিয়েছেন টানেলের দিকে। একসময় বেরিয়ে গেলেন দৃশ্যপট থেকেও। এই বেরিয়ে যাওয়া কি শুধুই একটা পরাজয়ের ক্ষত নিয়ে, নাকি লিগের কক্ষপথ থেকেও!পরশু স্প্যানিশ লিগে বার্সাকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়ে কার্যত লিগ শিরোপা জয়েরই উৎসব করেছে রিয়াল। চার বছরের মধ্যে লিগে বার্সার বিপক্ষে তাদের প্রথম জয় একই সময়ের মধ্যে প্রথম লিগ শিরোপাও এনে দিতে চলেছে মরিনহোর দলকে। ন্যু ক্যাম্পে প্রথম জয়ের স্বাদ পাওয়া পর্তুগিজ কোচ তাঁর বর্ণাঢ্য অর্জনের তালিকায় প্রথম লা লিগা শিরোপাও যোগ করতে চলেছেন। প্রথমবারের মতো এই লিগ জিততে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। ৭৩ মিনিটে করা তাঁর গোলেই জয় নিশ্চিত করেছে রিয়াল। এর আগে ১৭ মিনিটে পুয়োল-ভালদেসের মিলিত ভুলের মাশুল তুলে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন স্যামি খেদিরা। কিন্তু বদলি হিসেবে নামার ২ মিনিটের মধ্যেই সেই গোল শোধ করে দেন অ্যালেক্সিস সানচেজ। কিন্তু শেষ পর্যন্ত ড্রও করতে পারেনি বার্সা। নিজেদের মাঠে পরাজয় তাদের ৫৪ ম্যাচ পর।এই জয়ে একই সঙ্গে দুটি প্রাপ্তি রিয়ালের। স্প্যানিশ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড হলো। ১০৯টি গোল করে ভেঙে দিল ১৯৮৯-৯০ মৌসুমে নিজেদেরই গড়া ১০৭ গোলের রেকর্ড। পাশাপাশি চার ম্যাচ হাতে রেখে বার্সার সঙ্গে ব্যবধান নিয়ে গেল ৭ পয়েন্টে। সেভিয়া, অ্যাথলেটিক বিলবাও, গ্রানাডা আর মায়োর্কা—এই চার প্রতিপক্ষ টানা চার ম্যাচে রিয়ালকে হোঁচট খাওয়াবে এই বিশ্বাস এখন বার্সেলোনাও করে না।ম্যাচ শেষে ‘চ্যাম্পিয়ন’ রিয়ালকে তাই অভিনন্দন জানিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা, ‘এই জয়ের জন্য রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই তাদের লিগ শিরোপার জন্যও, কোনো সন্দেহই নেই, আজ (কাল) রাতেই ওরা লিগ জিতে নিয়েছে।’ ৭২ শতাংশ বলের দখল রেখেও বার্সা খুব বেশি ধারালো আক্রমণ শাণাতে পারেনি। গোলের সুযোগও সব মিলিয়ে তৈরি করেছে মাত্র তিনটি। এই মৌসুমে পুরো দল যে কতটা মেসিনির্ভর, সেটা বোঝা গেছে আরও একবার। মেসিকে আটকিয়েই বার্সার স্পন্দন থামিয়েছেন মরিনহো। ব্যর্থতা স্বীকার করে বার্সা কোচ বলেছেন, ‘আমরা ভালো খেলেছি, কিন্তু তা যথেষ্ট ভালো ছিল না।’ তাঁর দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে মাত্র তিনজন ডিফেন্ডারকে রেখে পাল্টা-আক্রমণে একটি গোল খেয়ে যাওয়ায়। রিয়াল আরও দুটি গোলের সহজ সুযোগ নষ্ট করেছে, ম্যাচের শুরুতে আঙুলের ছোঁয়ায় বল ক্রসবারের বাইরে ঠেলেছেন ভালদেস। না হলে রিয়াল হয়তো ৫-০ কিংবা ৬-২-এর লজ্জার পাল্টা নিত। গার্দিওলা অবশ্য বলছেন, ‘রিয়ালকে হারাতে সম্ভাব্য সেরা দলটাই বেছে নিয়েছিলাম। অবশ্য যে দল হারে, সেই দল সব সময়ই ভুলই প্রমাণিত হয়।’এই ম্যাচ শেষেও কথা বলেননি মৌনব্রত নেওয়া মরিনহো। ‘স্পেশাল ওয়ান’ হয়তো ঠিক করেছেন, যা বলার মাঠের খেলা দিয়েই বলবেন! এএফপি, রয়টার্স।