রিয়ালের আনচেলত্তি-বরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা অপবাদ নিয়েই রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন হোসে মরিনহো। শিরোপা-খরার পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বের অভিযোগ। ভালো কিছু অবশ্যই নয়! কিন্তু মরিনহোর ছেড়ে যাওয়া জায়গায় বসে রিয়াল-পর্বটা শুরু করা কার্লো আনচেলত্তির দর্শন আবার ভিন্ন। তিনি মনে করেন না ড্রেসিংরুমে কোনো শান্তির দূতের দরকার আছে।রিয়ালে আসার পথে আনচেলত্তির সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল পুরোনো ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই। সে বাধা টপকে অবশেষে রিয়ালে আসতে পেরে উচ্ছ্বসিত এই ইতালিয়ান কোচ। নতুন ক্লাবের হয়ে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আনচেলত্তি ধন্যবাদ জানালেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্টকেও, ‘এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। আমি এ জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে চাই। অনেক কাঠখড় পুড়িয়ে তবেই আমাকে এখানে এনেছেন তিনি।’এই সংবাদ সম্মেলনেই রিয়ালপ্রেমীদের একটা সুখবর দিয়েছেন আনচেলত্তি। তিনি একা নন, আসন্ন মৌসুমে রিয়ালের ডাগ-আউটে তাঁর সহকারী হিসেবে দেখা যাবে জিনেদিন জিদানকেও। বছর খানেক ধরে রিয়ালের শুভেচ্ছাদূতের ভূমিকা পালন করছেন ৪১ বছর বয়সী এই সাবেক ফ্রেঞ্চ অধিনায়ক।আনচেলত্তি-জিদান ঠিক এমন সময় জুটি বাঁধতে যাচ্ছেন, যখন মাঠের সঙ্গে মাঠের বাইরেও খারাপ সময় কাটাচ্ছে রিয়াল। গত মৌসুমে একটা শিরোপারও মুখ দেখেনি বিশ্বের অন্যতম সেরা ক্লাবটি। শেষ দিকে যোগ হয়েছে মরিনহোর সঙ্গে জ্যেষ্ঠ খেলোয়াড়দের লাগাতার বিরোধ। সেই বিষবাষ্প এখনো রিয়ালের ড্রেসিংরুমের বাতাসকে তিক্ত করে রাখবে, সেটা অবশ্য মনে করেন না নতুন কোচ, ‘জানি না আগের বছর কী হয়েছে। তবে আমার ও খেলোয়াড়দের জন্য এ এক নতুন সকাল। মনে হয় না আর কোনো সমস্যা থাকবে।’মরিনহোর প্রতিও শ্রদ্ধার কমতি নেই তাঁর মনে। তবে যে কারণে রিয়ালে মরিনহোর বিদায়ঘণ্টা বেজেছে, সেটা মনে হচ্ছে এড়িয়ে চলতেই পছন্দ করবেন কার্লো আনচেলত্তি, ‘খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক চাই আমি। আর এটা আমাদের সঙ্গে তাদের সব সময়ই ছিল। মনে হয় না মাদ্রিদে কোনো শান্তির দূতের প্রয়োজন আছে।’ এএফপি।