রিয়ালের আনুষ্ঠানিকতার ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুবন্ত মানুষ খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। গ্যালাতাসারাইয়ের অবস্থাও আজ অথই জলে ডুবে যাওয়া জাহাজের যাত্রীর মতো। তীরে তরি ভেড়ানোর আশা নেই জেনেও মিছে আশায় বুক বাঁধছে খড়কুটোকে আঁকড়ে ধরে। ম্যাচটা নিজেদের মাঠে—নিজেদের অনুপ্রাণিত করতে এই একটা তথ্যই হাতের কাছে খুঁজে পাচ্ছে গ্যালাতাসারাই। এমনিতেই লড়াইটা অসম। ইউরোপীয় ফুটবলে অর্জনের দিক দিয়ে ‘দৈত্য’ রিয়ালের সঙ্গে ‘পুঁচকে’ গ্যালাতাসারাইয়ের লড়াইটা সমানসমান হওয়ার কথা নয়। যেমনটা হয়নি প্রথম লেগে। আজ তো রিয়াল শুরুই করছে ৩ গোলে এগিয়ে থেকে। গত বুধবার বার্নাব্যুতে ৩-০ গোলে জিতে সেমিফাইনালে বলতে গেলে চলেই গেছে রিয়াল। আজ ফিরতি লেগ তাদের জন্য যেন শুধুই আনুষ্ঠানিকতা সারার মঞ্চ! ইস্তাম্বুলের তুলনায় বরং ডর্টমুন্ডের ম্যাচটিই উত্তাপ ছড়াচ্ছে বেশি। যেখানে মুখোমুখি হচ্ছে ডর্টমুন্ড ও মালাগা। মালাগার মাঠে প্রথম লেগে গোলশূন্য ড্র হয়েছিল। দুই দলই নামছে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এঁকে। সরাসরি জয় দূরের কথা, ম্যাচটাকে অতিরিক্ত সময়ে টেনে নিতে গেলেও গ্যালাতাসারাইকে রিয়ালের জালে বল ঢোকাতে হবে তিনবার। পাশাপাশি নিজেদের জালটা রাখতে হবে অক্ষত। গ্যালাতাসারাই পারবে এই অসম্ভবকে সম্ভব করতে? গোলের কথা ভাবতেই একটা ধাক্কা খাচ্ছেন ফাতিহ তেরিম। গ্যালাতাসারাইর কোচ দলে পাচ্ছেন না ‘গোলমেশিন’ বুরাক ইলমাজকে। প্রথম লেগের আগে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ইলমাজ। কিন্তু তুরস্কের ২৭ বছর বয়সী ফরোয়ার্ড নিষেধাজ্ঞার কারণে আজ খেলতে পারছেন না। নিষেধাজ্ঞার কারণে রিয়ালও পাচ্ছে না সার্জিও রামোস ও জাবি আলোনসোকে। তবে গ্যালাতাসারাইয়ের আশার কথা, শনিবার লিগে মেরসিন ইদমান ইউর্দুর বিপক্ষে দুই গোল করে তাতিয়ে আছেন দিদিয়ের দ্রগবা। ওই ম্যাচে গ্যালাতাসারাইও ৩-১ গোলে জিতে প্রস্তুতিটা সেরে রেখেছে দারুণভাবে। দ্রগবা তাকাচ্ছেন সামনের দিকেই, ‘আমরা মাদ্রিদকে আটকে দিতে চাই এবং আমাদের তা করতে হবে ভিন্ন পথে, আরও বেশি দুঃসাহসিক ও আক্রমণাত্মক খেলতে হবে। আমরা যদি তাদের সমস্যায় ফেলতে পারি, আমাদের সুযোগ থাকবে।’দ্রগবার কথায় রোনালদো কি আরও অনুপ্রাণিত হচ্ছেন? গ্যালাতাসারাই আরও বেশি আক্রমণাত্মক খেলার মানেই তো তাঁর সামনে গোল করার অবাধ সুযোগ তৈরির সম্ভাবনা! তবে রোনালদোর কথা, একটি গোল করতে পারলেই কাজ হয়ে যাবে, ‘এটা কঠিন এক ম্যাচই হবে এবং আমাদের পরের রাউন্ড এখনো নিশ্চিত নয়। তিন গোলের লিডটা বড়ই, কিন্তু আমাদের সেখানে গিয়ে খেলতে হবে এবং অন্তত একটি গোল করতে হবে।’ গোলরক্ষক ডিয়েগো লোপেজের ভাবনাটাও একই। রিয়ালকে অন্তত একটি গোল করতে হবে। এদিকে মালাগা অভিষেকেই সেমিফাইনালের স্বপ্ন দেখছে বটে, কিন্তু একাধিক নেতিবাচক কারণে তাদের প্রস্তুতিটা ভালো হয়নি। শনিবার স্প্যানিশ লিগে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে গেছে ৪-২ গোলে। ওই ম্যাচটি খেলতে যাওয়ার আগে তাদের বিমান তিনবার বজ্রপাতের মুখে পড়ে। ফলে বিলবাওয়ে নেমে বাকি পথটুকু তাদের যেতে হয়েছে বাসে করে। তার পরও নিয়মিত একাদশের সাতজনকে বসিয়ে রেখেছিলেন কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। বাবা মারা যাওয়ায় মালাগার চিলিয়ান কোচ আবার ওই ম্যাচ শেষেই উড়ে গেছেন চিলিতে। চিলি থেকে আজ সরাসরি ডর্টমুন্ডে চলে যাবেন পেলেগ্রিনি। কোচের এই দুঃসংবাদটাকেই অনুপ্রেরণার উৎস করতে চাইছে মালাগা। ওদিকে ডর্টমুন্ডের প্রস্তুতিটা হয়েছে দারুণ। শনিবার লিগে দ্বিতীয় সারির দল নামিয়েও অগসবুর্গকে হারিয়েছে ৪-২ গোলে। তার চেয়েও বড় কথা, এবারের চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে আগের চার ম্যাচেই জিতেছে তারা। তার পরও ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ সতর্ক। তাঁর সতর্কতা প্রতিপক্ষের কোচকে নিয়েই। ২০০৫-০৬ মৌসুমে এই পেলেগ্রিনিই যে ভিয়ারিয়ালকে চ্যাম্পিয়নস লিগ অভিষেকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। এএফপি, রয়টার্স। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১২ ম্যাচে অপরাজিত রিয়াল মাদ্রিদ। ইউরোপের নকআউট পর্বে নিজেদের মাঠে প্রথম লেগে ৫৪ বার জিতে ৪১ বারই পরের রাউন্ডে উঠেছে রিয়াল। এর মধ্যে ৩-০ গোলে জেতা সাতবারই। স্পেনের দলগুলোর বিপক্ষে নিজেদের মাঠে ১২ ম্যাচে গ্যালাতাসারাইয়ের জয়-পরাজয় ৫-৫। ৯ গোল নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল ক্রিস্টিয়ানো রোনালদোর। এবার গ্যালাতাসারাই নিজেদের মাঠ তার্ক টেলেকম অ্যারেনায় জিতেছে মাত্র এক ম্যাচ। তবে ইউরোপিয়ান টুর্নামেন্টে নিজেদের মাঠের সর্বশেষ ১৩ ম্যাচে হার মাত্র দুবার। এবার গ্যালাতাসারাই মোট গোল করেছে ১১টি, খেয়েছে ১২টি। নকআউট পর্বে প্রথম লেগে আটবার ড্র করে ছয়বারই পরের রাউন্ডে উঠেছে ডর্টমুন্ড। এবার নিজেদের মাঠের চার ম্যাচেই জিতেছে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল ডর্টমুন্ড, খেয়েছে মাত্র এক গোল। ইউরোপের নকআউট পর্বে নিজেদের মাঠে প্রথম লেগে ড্র করে দুবারই পরের রাউন্ডে গেছে মালাগা। ২০০২-০৩ মৌসুমে উয়েফা কাপে, লিডস ও এইকের বিপক্ষে।আজ মুখোমুখিগ্যালাতাসারাই-রিয়াল মাদ্রিদবরুসিয়া ডর্টমুন্ড-মালাগা