রিয়ালের আরেকটি সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ হতে তখনো মিনিট পাঁচেক বাকি। কিন্তু ডাগ-আউট ছেড়ে হোসে মরিনহো তখন টানেলে। সিঁড়িতে এক পা দিয়েই রেখেছেন। যেন এই ম্যাচ দেখার কোনো উৎসাহই পাচ্ছিলেন না। ৭৩ মিনিটে গিয়ে ম্যাচটা আসলেই একরকম অর্থহীন হয়ে দাঁড়িয়েছিল। চোট কাটিয়ে ফেরা অ্যাঙ্গেল ডি মারিয়া যখন বক্সের সামান্য বাইরে থেকে বাঁকানো শটে বল ঢুকিয়েছেন জালে। রিয়াল মাদ্রিদ এগিয়ে ৩-০ গোলে।নাকি ম্যাচ শেষ হয়ে গিয়েছিল প্রথমার্ধের ৬ মিনিট আগে রেসিং সান্তান্দার ১০ জনের দলে পরিণত হওয়ার সময়? খেলা দেখে থাকলে বলতে পারেন, রেসিং আসলে ম্যাচটা হেরে বসেছিল শুরুর আগেই। পুরো ম্যাচে বাবুরাম সাপুড়ের সাপ হয়ে থাকা রেসিং রিয়ালের গোলমুখে নিতে পারেনি একটি শটও। ভাগ্যিস ইকার ক্যাসিয়াস ঘুমিয়ে পড়েননি!পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে পড়ে থাকা রেসিং কিন্তু গোল বাঁচাও নীতিতে একটা পর্যায় পর্যন্ত ভালোই করছিল। ৬ মিনিটে কাকার দুর্দান্ত পাস থেকে হেড করে ক্রিস্টিয়ানো রোনালদো দলকে এগিয়ে দিয়েছিলেন ঠিকই। কিন্তু এরপর রিয়ালের সব আক্রমণেই দেয়াল তুলে দাঁড়ায় রেসিং। গোটা কয়েক দারুণ সেভও করেছেন গোলরক্ষক টোনিও। এএফপি, রয়টার্স। কিন্তু ৩৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ডমিঙ্গোর মাঠ ছাড়ার পরই সব গেরো আলগা হয়ে যায়। প্রথমার্ধের শেষেই ২-০ বানিয়ে দেন করিম বেনজেমা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে তাঁর আরেকটি গোল শেষ পর্যন্ত ৪-০তে জেতায় রিয়ালকে। বার্সেলোনার চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে যায় মরিনহোর দল। কাল রাতে অবশ্য ব্যবধান কমানোর লক্ষ্যে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বার্সা। লিগে সর্বশেষ ১৯ ম্যাচে রিয়ালের এটি ১৮তম জয়। এর মধ্যে একমাত্র পরাজয় তাদের বার্সার বিপক্ষে। ম্যাচ শেষে তৃপ্ত মরিনহোও বলছিলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপারটি হলো আমরা আরও তিনটি পয়েন্ট পেলাম। এই জয়টা হয়তো ঝলমলে নয়, কিন্তু জিততে আমাদের খুব একটা কষ্ট হয়নি। মৌসুমের এই সময়টায় এসে কোনো কষ্ট আর চেষ্টা ছাড়াই এভাবে জয় পাওয়া খুবই ভালো।’