রিয়ালের ওসাসুনা-লজ্জা
দায়টা তাহলে কার? কোচ হোসে মরিনহো খেলোয়াড়দের দুষছেন না। ‘খেলোয়াড়েরা ওদের কাজ ঠিকঠাক করেছে, ওদের আমি কিছু বলতে পারি না’—অবনমন অঞ্চলের দল ওসাসুনার কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর বলেছেন রিয়াল মাদ্রিদের কোচ।মরিনহো কি তাহলে দুর্ভাগ্যের কাঁধেই দায় চাপাতে চাইছেন? তা দুর্ভাগ্য কিছুটা ছিল। প্রথমার্ধে গড়পড়তা মানের ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে ভালোই খেলেছে। আক্রমণের ধারও বাড়িয়েছিল রিয়াল। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর দুটি শট বার ঘেঁষে চলে গেছে, একটি শট শেষ মুহূর্তে ফিরিয়ে দিয়েছেন ওসাসুনার গোলরক্ষক। ম্যাচ শেষে তাই মরিনহোর উপলব্ধি, ‘পরাজয়টা আমাদের প্রাপ্য ছিল না।’তবে এটাও ঠিক, ভাগ্য রিয়ালকে আরও লজ্জার হাত থেকে বাঁচিয়েছেও। ৬২ মিনিটে হাভিয়ের কামুনাসের গোলে এগিয়ে যাওয়া ওসাসুনা ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল। একেবারে গোললাইন থেকে বলটি বাঁচিয়েছেন আলভেরো আরবেলোয়া। সংবাদ সম্মেলনে হয়তো ম্যাচের এ মুহূর্তটা মনে পড়ে থাকবে মরিনহোর, তাই বলেছেন, ‘তাদের (ওসাসুনা) অবশ্যই অভিনন্দন জানাতে হয়। জয়টা ওদের প্রাপ্য ছিল, এটা আমি বলব না। তবে ড্র পেতেই পারত!’আগের দুই ম্যাচে রিয়ালের জয়ের নায়ক করিম বেনজেমার পাশে দ্বিতীয়ার্ধে অভিষিক্ত হয়েছেন ম্যানচেস্টার সিটি থেকে ধারের চুক্তিতে আসা আদেবায়োর। মাঠে নেমেছেন ফ্লু-আক্রান্ত জাভি আলোনসো ও কাকা। তবে একসঙ্গে তিনটি বদলের পরও ব্যর্থতার বোঝা নিয়েই ফিরতে হয়েছে। প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর লিগে এটি রিয়ালের দ্বিতীয় হার।অনেকেরই ধারণা, এই পরাজয় শিরোপা-স্বপ্ন শেষ করে দিয়েছে রিয়ালের। কেননা ফর্মের তুঙ্গে থাকা প্রধান প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান হলো ৭ পয়েন্টের। আগের দিন হারকিউলিসকে হারিয়ে ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট করে ফেলেছে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৫১।তবে নাটকের এখনো অনেক বাকি আছে বলেছেন রিয়াল মাদ্রিদের তারকারা! ‘এটা কঠিন, তবে আমাদের ইতিবাচকই থাকতে হবে’—রিয়ালের সবচেয়ে বড় ভরসা রোনালদো। জাভি আলোনসোর কথা, ‘এখনো অনেক ম্যাচ বাকি। আমাদের লড়াই করে যেতে হবে।’ এখনো আশা ছাড়েননি রিয়ালের ক্রীড়া পরিচালক হোর্হে ভালদানো, ‘মৌসুমের মাঝপথেই লিগ শেষ হয়ে যায়নি। গত মৌসুমেও ঠিক এ রকমই হয়েছিল আমাদের, কিন্তু শিরোপার জন্য আমরা শেষ পর্যন্ত লড়েছি।’সত্যি, ইউরোপের লিগগুলোর পরতে পরতে লুকিয়ে থাকে নাটক। ইতালির সিরি ‘আ’র কথাই ধরুন, গত মাসের প্রথম ভাগেও মনে হচ্ছিল ইন্টার মিলান বুঝি শিরোপা লড়াইয়ে আর ফিরতেই পারবে না। অথচ এই ধারণাকে পেছনে ঠেলে লিওনার্দোর ইন্টার মিলান ফিরে পেয়েছে ছন্দ। অভিষিক্ত পাজ্জিনির জোড়া গোলে পরশু তারা ৩-২ গোলে হারিয়েছে পালের্মোকে। ইন্টারের বাকি গোলটি পেনাল্টি থেকে করেছেন স্যামুয়েল ইতো। অনেক দিন সাত ও আটে থাকা ইন্টার ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এখন চতুর্থ স্থানে। এক ম্যাচ করে বেশি খেলে তাদের ওপরে এসি মিলান (৪৭), নাপোলি (৪৩) ও লাৎসিও (৪০)। এএফপি, রয়টার্স।