চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা আবার ১০-এ নিয়ে তুলল রিয়াল মাদ্রিদ। আগের দিন স্পোর্টিং গিজনের বিপক্ষে ৩-১ গোলে জিতে বার্সেলোনা যদি সামান্যতম চাপেও ফেলে থাকে রিয়ালকে, সেটি তারা উপড়ে ফেলল এসপানিওলকে গোলে ভাসিয়ে। হোসে মরিনহোর দল জিতেছে ৫-০ গোলে। করিম বেনজেমার অনুপস্থিতিতে প্রথম একাদশে সুযোগ পাওয়াটা কী দুর্দান্তভাবেই না কাজে লাগিয়েছেন আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েইন। করেছেন জোড়া গোল। ক্রিস্টিয়ানো রোনালদো, স্যামি খেদিরা ও কাকা গোল করেছেন একটি করে। এই জয়ে রিয়ালের পয়েন্ট হলো ২৫ ম্যাচে ৬৭, বার্সেলোনার ৫৭।এদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে টানা পরাজয়ের ধারায় অবশেষে ছেদ টানতে সক্ষম হয়েছে ইন্টার মিলান। জয় নয়, ড্র করেছে ক্লদিও রানিয়েরির দল। তবে প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়েও কাতানিয়ার বিপক্ষে ড্র করাটাও কম ছিল না।নিজেকে পুরোনো রূপে ফিরে পাওয়ার আভাস মিলছিল অনেক দিন ধরেই। পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে যেন দেখা মিলল ক্যারিয়ারের মধ্য গগনের সেই কাকাকে। নিজে করেছেন একটি গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি। তার চেয়েও বড় কথা, মাঠজুড়ে খেলেছেন দাপিয়ে। রিয়ালের গোল-উৎসবের সূচনাটা করেন অবশ্য রোনালদো। ২৩ মিনিটে করা গোলটি এবারের লিগে তাঁর ৩০তম গোল। দুই গোলের ব্যবধানে পেছনে ফেললেন প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে (২৮)। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন খেদিরা।দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই কাকার দুর্দান্ত পাস থেকে ৩-০ করেন হিগুয়েইন। ৬৬ মিনিটে নিজেই অসাধারণ এক গোল করেন কাকা। খেলা শেষের ১২ মিনিট আগে আবার কাকার পাস থেকে হিগুয়েইনের গোল। হ্যাটট্রিক না হওয়ার জন্য আর্জেন্টাইন স্ট্রাইকার কাঠগড়ায় তুলতে পারেন নিজেকেই। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছেন। সুযোগ অপচয় করেছেন রোনালদোও।মরিনহো আবার চেলসিতে ফিরে যেতে পারেন—এই গুঞ্জনটা ভাসছে অনেক দিন ধরেই। পরশু ইংলিশ ক্লাবটি কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসকে বরখাস্ত করায় গুঞ্জনের পালে জোর হাওয়া। এসব প্রশ্ন এড়াতেই কিনা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মরিনহো নিজে না গিয়ে পাঠিয়েছিলেন সহকারী আইতর কারাঙ্কাকে।ভিলাস-বোয়াসের পরিণতির দিকেই যেন এগিয়ে যাচ্ছেন রানিয়েরি। তার পরও পরশুর ড্রটা একটু মুখ রক্ষা করেছে তাঁর। আগের আট ম্যাচের সাতটিতেই গোলবিহীন পরাজয়! হার সর্বশেষ টানা পাঁচ ম্যাচেই। এই অবস্থায় পরশুও হারের শঙ্কাই বেজে উঠেছিল একপর্যায়ে। সান সিরোতে আগের ১৬ ম্যাচে মাত্র একটি পয়েন্ট পাওয়া কাতানিয়াই প্রথমার্ধে এগিয়ে যায় ২-০ গোলে! ৭১ মিনিটে ইন্টারকে ম্যাচে ফেরান ডিয়েগো ফোরলান। ৫৪১ মিনিট পর ইন্টারের গোল! ৮০ মিনিটে ফোরলানের পাস থেকেই সমতা ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার ডিয়েগো মিলিতো।আগের ম্যাচে এসি মিলানের সঙ্গে ড্রয়ের পর সিরি ‘আ’তে নাপোলি আবার জয়ের ধারায়। কাভানি-লাভেজ্জি জুটির গোলে তারা পার্মাকে হারিয়েছে ২-১-এ। চেলসির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের জয়টিসহ নাপোলির এটি টানা পঞ্চম জয়, আর এই পাঁচ ম্যাচে কাভানি-লাভেজ্জি জুটির গোল ১১টি! রোম ডার্বিতে ১০ জনের দল রোমাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠেছে লাৎসিও। মিরোস্লাভ ক্লোসাকে অবৈধভাবে বাধা দিয়ে ৮ মিনিটেই লাল কার্ড দেখেন রোমার গোলরক্ষক মার্টেন স্টেকেলেনবার্গ। এএফপি, রয়টার্স।