রিয়ালের ঘাম ঝরানো জয়
এল ক্লাসিকোর ৩-১-এর ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি রিয়াল মাদ্রিদ। এখনো যেন মাঝেমধ্যেই জ্বলুনি ধরাচ্ছে এই পরাজয়ের ক্ষত। পরশু স্প্যানিশ কোপা ডেল রেতে তৃতীয় বিভাগের ক্লাব পনফেরাডিনাকে হারাতেই ঘাম ছুটে গেছে রিয়ালের। যদিও শেষ পর্যন্ত রিয়াল জিতেছে ২-০ গোলে।শেষ ৩২ দলের প্রথম লেগ ছিল পরশু। ২৯ মিনিটে হোসে ক্যালিয়ন আর ৭৪ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল জয় এনে দিয়েছে রিয়ালকে। ২০ ডিসেম্বর ফিরতি লেগটা নিজেদের মাঠে বলে শেষ ষোলোয় ওঠা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য একরকম নিশ্চিতই।প্রথম একাদশের অনেককেই বিশ্রামে রাখলেও রোনালদো, গঞ্জালো হিগুয়েইন, কাকা, মার্সেলো, সার্জিও রামোস, স্যামি খেদিরা আর রাউল আলবিয়লকে ঠিকই খেলিয়েছেন হোসে মরিনহো। রিয়ালের কোচ শনিবার থেকেই বলে আসছেন, এল ক্লাসিকোর ফল তাদের ওপর কোনো প্রভাবই ফেলবে না; মাঠে কিন্তু অন্য ছবিই খুঁজে পাওয়া গেছে। অখ্যাত পনফেরাডিনা ভালোই পরীক্ষা নিয়েছে রিয়ালের। অনেক চেষ্টাচরিত্র শেষে খেদিরার বানিয়ে দেওয়া বলে এই মৌসুমে নিজের ষষ্ঠ গোলটি করেন নিয়মিত একাদশে জায়গা না-পাওয়া ক্যালিয়ন।মাঝেমধ্যেই ছন্দ হারিয়ে ফেলা রিয়াল ভীষণ চাপে পড়ে যায় ৬৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে আলবিয়ল মাঠ ছাড়লে। শেষ পর্যন্ত এই মৌসুমে রোনালদোর ২২ নম্বর ম্যাচে ২২তম গোলে স্বস্তি পায় মরিনহোর দল। ক্লাব বিশ্বকাপে খেলবে বলে চতুর্থ রাউন্ডের ম্যাচটি গত মাসেই খেলে ফেলেছিল বার্সেলোনা। ওই ম্যাচে তৃতীয় বিভাগের দল এল’হসপিতালেতকেও বার্সা হারায় ইনিয়েস্তার একমাত্র গোলে।ওদিকে ইতালিয়ান লিগে ইয়োতো নাগাতোমোর একমাত্র গোলে জেনোয়াকে হারিয়েছে ইন্টার মিলান। ৬৭ মিনিটে হেড থেকে গোল করে ইন্টারকে জয় এনে দেন এই জাপানি ডিফেন্ডার। ইন্টারের খেলায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। প্রথম ১০ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া ইন্টার গত চার ম্যাচে দেখল তৃতীয় জয়। কদিন আগেও অবনমন অঞ্চলের আশপাশে ঘুরঘুর করা দলটি ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে উঠে এসেছে তালিকার সাতে। এএফপি, রয়টার্স।