রিয়ালের জার্মানি, জার্মানির রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জার্মান মিডফিল্ডার টনি ক্রুস l এএফপি
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জার্মান মিডফিল্ডার টনি ক্রুস l এএফপি

কতই-বা দূরত্ব, আকাশপথে হয়তো বড়জোর তিন ঘণ্টা। অথচ জার্মানি-স্পেনের ভাষা, সংস্কৃতি সবকিছুতেই যেন দুস্তর ব্যবধান। ফুটবলীয় ইতিহাসও কিন্তু দুই দলকে দাঁড় করিয়েছে বিপরীত মেরুতে, অন্তত ১০ বছর আগ পর্যন্ত। জার্মানি বলতেই যখন চোখের সামনে ভেসে উঠত যান্ত্রিক অথচ কার্যকর ফুটবল, স্পেনের খেলা সব সময়ই অলস ক্যানভাসের তুলির সূক্ষ্ম আঁচড়। জার্মান ফুটবলাররা স্পেনে খেলছেন, বা স্প্যানিশ ফুটবলাররা জার্মানিতে, এমনটা খুব বেশি ঘটে না। তবে যেসব জার্মান স্পেনে খেলেছেন, তাঁদের মধ্যে বেশির ভাগই আলো ছড়িয়েছেন রিয়াল মাদ্রিদেই। কে জানে, টনি ক্রুস হয়তো সেই ধারারই সাম্প্রতিক সংযোজন হয়ে গেলেন!
চার দিন আগে বায়ার্ন মিউনিখ থেকে ২৪ বছর বয়সী ক্রুসকে নিয়ে এসেছে রিয়াল মাদ্রিদ। বায়ার্নের হয়ে সম্ভাব্য সবকিছুই জিতেছেন, ক্রুসের সামনে এখন রিয়ালের হয়ে সেটা পুনরাবৃত্তির চ্যালেঞ্জ। তবে আর যা-ই হোক, আগে-পরে একবার অন্তত ক্রুস লা লিগা জিতছেনই। ক্রুসের আগে রিয়ালের হয়ে যে আটজন জার্মান খেলে গেছেন, তাঁদের সবাই একবার অন্তত লা লিগা জয়ের স্বাদ পেয়েছেন!
স্যামি খেদিরা ও মেসুত ওজিলের নামটা অনেকের ঠোঁটের গোড়ায় চলে আসার কথা। ওজিল গত মৌসুমে রিয়াল ছেড়ে আর্সেনালে নাম লিখিয়েছেন, খেদিরা এখনো আছেন রিয়ালে। ক্রুসের সঙ্গে যিনি ড্রেসিংরুম ভাগাভাগি করবেন। তবে খেদিরাদের চেয়ে কিন্তু আগের কয়েকজন জার্মানই বেশি আলো ছড়িয়েছেন রিয়ালে।
৪১ বছর আগের কথা। ইয়োহান ক্রুইফ নামের একজনের জাদুতে তখন মোহাবিষ্ট স্পেন। ক্রুইফ বার্সেলোনায়, অতএব রিয়ালের তো কাউকে আনতেই হয়। আনা হলো গুন্টার নেটজারকে। বরুসিয়া মনশেনগ্লাডবাখ থেকে ২৮ বছর বয়সী মিডফিল্ডার রিয়ালে এসে ছড়ালেন আলো। তখনো স্পেনে বিদেশি ফুটবলারদের খেলার ব্যাপারে কিছু বিধিনিষেধ ছিল। নেটজার ছিলেন লা লিগায় খেলা প্রথম জার্মান। রিয়ালে ছিলেন তিন বছর, জিতেছেন দুটি লা লিগা ও দুটি কোপা ডেল রে।
পরের বছর রিয়াল নিয়ে এল পল ব্রেইটনারকে। ব্রেইটনারকে যাঁরা চেনেন না, তাঁরা জেনে রাখতে পারেন দুটি বিশ্বকাপ ফাইনালে গোল করা চার ফুটবলারদের একজন তিনি। বিতর্কের সঙ্গে সখ্য ছিল তাঁর, জার্মানির তখনকার কোচ হেলমুট শনের সঙ্গে খিটিমিটি লেগেই থাকত। তবে রিয়ালের তখনকার সভাপতি সান্তিয়াগো বার্নাব্যুকে অনেক শ্রদ্ধা করতেন। রিয়ালের হয়ে তিন বছর খেলে দুটি লা লিগা জিতিয়েছিলেন। নেটজার, ব্রেইটনার খুব বেশি দিন থাকেননি, তবে উলি স্টাইলাইক ছিলেন অনেক দিন। আট বছর খেলে চারটি লা লিগা, দুটি স্প্যানিশ কাপ ও উয়েফা কাপ জিতেছেন এই ডিফেন্ডার।
এরপরের জার্মান ছিলেন অনেক দিন দিয়েই উজ্জ্বল ব্যতিক্রম। বার্নড সুস্টারকে অনেকেই রিয়ালের কোচ হিসেবে মনে রাখবেন, তবে জার্মান মিডফিল্ডার রিয়ালের জার্সি পরেও খেলেছেন। তাও কী, বিতর্ক মাথায় নিয়ে এসেছিলেন রিয়ালেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে। পরে দুটি লা লিগাও জিতেছেন।
তবে পূর্বসূরিরা যা পারেননি, সেটা করেছেন বোদো ইলগনার। প্রথম জার্মান হিসেবে রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। তাও একবার নয়, দুবার (১৯৯৮ ও ২০০০ সালে)। তাঁর প্রাপ্তির তালিকায় আছে দুটি লা লিগাও।
ক্রিস্টোফ মেটজেলডার তুলনামূলকভাবে একটু নিষ্প্রভই ছিলেন। ২০০৭ সালে রিয়ালে নাম লেখানোর পর এই ডিফেন্ডার চোট ও ফর্মহীনতায় ঠিকঠাক খেলতেই পারেননি। তার পরও একবার লা লিগা জিতেছেন ঠিকই। এরপর ওজিল, খেদিরারা এলেন, দুজনই জিতেছেন একটি লা লিগা। খেদিরার খাতায় আছে একটি চ্যাম্পিয়নস লিগও।
রিয়ালে আট নম্বর জার্সি পরবেন ক্রুস, এই নম্বরের জার্সি পরেছিলেন ব্রেইটনার ও সুস্টার। স্বদেশি পূর্বসূরিদের মান রাখতে পারবেন তো ক্রুস? তথ্যসূত্র: রিয়ালমাদ্রিদডটকম।