রিয়ালের জয়, বার্সার ড্র
আরেকটি মৌসুম সমাগত। নতুন মৌসুমের জন্য অপেক্ষার এই সময়টাতে ইউরোপীয় ক্লাবগুলো দলবদলের বাজারে ঝাঁপিয়ে পড়ে একদিকে দলের শক্তি বাড়াচ্ছে। অন্যদিকে প্রস্তুতির জন্য খেলে যাচ্ছে একের পর এক প্রীতি ম্যাচ। পরশু একযোগে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের মতো বড় ক্লাবগুলো। দিনটা সবার এক রকম যায়নি। রিয়াল মাদ্রিদ, ম্যানইউ, জিতলেও ড্র করেছে বার্সেলোনা। জুভেন্টাস তো হেরেই গেছে।জয়ের ধারা অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-১ গোলে। যুক্তরাষ্ট্রেই শিকাগো ফায়ারের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে অ্যালেক্স ফার্গুসনের ম্যানইউ। কিন্তু ক্রোয়েশিয়ায় গিয়ে হোঁচট খেয়েছে পেপ গার্দিওলার ইউরোপ-সেরা বার্সেলোনা।ইউরোপা লিগের বাছাইপর্ব খেলার প্রস্তুতি নিতে থাকা ক্রোয়েশিয়ান ক্লাব হাজদুকের সঙ্গে পেপ গার্দিওলার দল গোলশূন্য ড্র করেছে। শুরুতে অবশ্য তারুণ্যনির্ভর দলই নামান কোচ গার্দিওলা। বদলি হিসেবে নামান আবিদাল, ইনিয়েস্তাদের। উত্তর আমেরিকা সফরে গিয়ে জুভেন্টাস ১-২ গোলে হেরে গেছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের কাছে। দুই দিন আগে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে জেতা চেলসি কাল থাইল্যান্ডের অলস্টার একাদশকে হারিয়েছে ৪-০ গোলে। এএফপি, ওয়েবসাইট।