রিয়ালের জয়ের ধারা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনজেমার গোলে রিয়ালের জয়।
বেনজেমার গোলে রিয়ালের জয়।

চার দিন আগে রিয়াল বেটিসকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার সুখস্মৃতি নিয়েই গত রাতে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এসপানিওলের বিপক্ষে মাঠে নেমেছিল কার্লো আনচেলত্তির দল। হতাশ করেননি আনচেলত্তির শিষ্যরা। এসপানিওলকে ১-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচের ২৫ মিনিটেই এসপানিওলের জালে বল জড়িয়ে দেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। প্রথমার্ধে বেনজেমা ও বেলের দুটো শট এসপানিওলের গোলরক্ষক কিকো ক্যাসিয়া দারুণভাবে প্রতিহত করায় ১-০ স্কোরলাইনেই সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে। এদিন অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোর কয়েকটি শট লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। একটা শট তো পোস্টে লেগেই ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে অবশ্য দুরন্ত সূচনা করে এসপানিওল। ৫৪ মিনিটে আনচেলত্তির হূত্কম্প বাড়িয়ে দেওয়ার কাজটি করেন প্রতিপক্ষের ফরোয়ার্ড সার্জিও গার্সিয়া। তবে গার্সিয়ার চেষ্টা সাফল্যের মুখ দেখেনি মূলত রিয়ালের পুরোনো সেনানী ইকার ক্যাসিয়াসের দুর্দান্ত সেভে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি, রিয়ালের ঘরের মাঠ বার্নাব্যুতে। রয়টার্স ও ওয়েবসাইট।