কাঁধে হাত রেখে সবাই দাঁড়ালেন গোল হয়ে। লাফিয়ে লাফিয়ে ঘুরতে থাকল চক্রাকার সাদা বৃত্ত। খানিকবাদে সেই বৃত্ত রূপ নিল জটলায়। তাতে এসে যোগ দিল রিয়াল মাদ্রিদের রিজার্ভ বেঞ্চ আর কর্মকর্তারাও। যোগ দিলেন হোসে মরিনহো। হুট করে মরিনহোকে তুলে নেওয়া হলো কাঁধে। শূন্যে ছুড়ে আবার লুফে নেওয়া হলো। একবার মরিনহো শূন্যে ভাসেন, আবার নেমে আসেন শিষ্যদের হাতে। গতবার ঠিক এভাবে উৎসব করেছিল বার্সেলোনা। মরিনহোর জায়গায় ছিলেন পেপ গার্দিওলা, রোনালদো-ক্যাসিয়াসদের জায়গায় মেসি-জাভিরা। বার্সার বুকে শূল বিঁধে ঠিক সেভাবেই যেন উৎসব করল রিয়াল। পরশু অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে তিন বছর পর লা লিগার ট্রফি ঘরে তুলল মাদ্রিদ।দুই ম্যাচ হাতে রেখেই যে রিয়াল শিরোপা জিততে যাচ্ছে, তা নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথমার্ধেই। গঞ্জালো হিগুয়েইন আর মেসুত ওজিলের গোলে ২-০ ব্যবধানে তখনই এগিয়ে ছিল রিয়াল। ব্যবধান ৩-০ করে ফেলার সহজ সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু পেনাল্টি থেকে আবারও গোল করতে ব্যর্থ হয়েছেন, ম্যানুয়েল নয়্যার যেন এদিন ভর করেছিল গোর্কা ইরাইজজের ওপর। বিলবাও গোলরক্ষক এদিন পেনাল্টির পাশাপাশি ঠেকিয়েছেন রোনালদোর আরও তিনটি শট। অবশ্য ১২ মিনিটের সেই ভুলের মাশুল ৫০ মিনিটেই পুষিয়ে দিয়েছেন পর্তুগিজ তারকা। ৩-০ বানিয়েছেন তিনিই।তবে পরশু রাতের আসল নায়ক আরেক পর্তুগিজ—হোসে মরিনহো। এদিন ইতিহাসও গড়লেন। ইউরোপের শীর্ষ চারটি লিগ শিরোপা জেতানোর কৃতিত্ব একমাত্র তাঁর। পোর্তোর হয়ে পর্তুগিজ লিগ, চেলসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান লিগের পর এবার স্প্যানিশ লিগের মুকুট মাথা পরে আবারও সবাইকে জানিয়ে দিলেন ‘স্পেশাল ওয়ান’ একজনই। এই অর্জনের পথে ৩৬ ম্যাচের ৩০টিই জিতিয়েছেন, হেরেছেন মাত্র ২টিতে। প্রতিপক্ষের জালে রেকর্ড ১১৫টি গোল জড়িয়েছে তাঁর দল। তার পরও শেষ পর্যন্ত ছায়ার মতো পিছু লেগে ছিল বার্সা।আর তাই আগের তিনটি লিগ শিরোপাা তুলনায় এই অর্জনটাকেই সবচেয়ে কষ্টার্জিত বলে স্বীকৃতি দিলেন মরিনহো, ‘এটাই ছিল সবচেয়ে কঠিন। শেষ মুহূর্তের আগ পর্যন্ত কেউ আমাদের সামান্যতম ছাড় দেয়নি।’ বার্সার প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন এই ৪৯ বছর বয়সী, ‘বার্সা অনেকগুলো ম্যাচ জিতে আমাদের জয়টাকে যথাসম্ভব বিলম্বিত করেছে। তারা অন্যতম সেরা, বিশাল ঐতিহ্যের সেই দলও এখন আমাদের যোগ্য চ্যাম্পিয়ন হিসেবেই মেনে নেবে।’এই সাফল্যের অন্যতম কারিগর ছিলেন মরিনহোরই স্বদেশি রোনালদো। লিগে ৪৪ গোল করেছেন। গোলসংখ্যায় মেসি এগিয়ে গেছেন। হয়তো পিচিচি ট্রফিটা এবার হাতছাড়া হবে। তার পরও তাতে খেদ নেই রোনালদোর, ‘আমি অবিশ্বাস্য রকমের আনন্দ পাচ্ছি। স্পেনে এটাই আমার প্রথম লিগ শিরোপা। আমি উচ্ছ্বসিত। আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। লা লিগা জিততে পেরে আমরা সবাই-ই ভীষণ খুশি।’ বার্সেলোনাকে হারিয়ে এই শিরোপা এসেছে বলে আনন্দটা দ্বিগুণ হয়ে যাচ্ছে রোনালদোর, ‘বার্সার মতো দল থাকলে সেই লিগটা অনেক কঠিন তো হবেই। তবে বিশ্বের অন্যতম সেরা দলকে হারিয়ে জেতার আনন্দটাও অন্য রকম। আমরা তাদের চেয়ে ভালো।’ পিচিচি ট্রফি নিয়েও খুব একটা ভাবছেন না, ‘লিগটাই আমি বেশি করে চেয়েছি। বাড়িতে আমার দুটি গোল্ডেন বুট আছে। আরও একটা জিততে পারলে ভালোই হতো। কিন্তু না জিতলেও ক্ষতি নেই।’৩২তম লিগ শিরোপা জেতায় গতকাল মাদ্রিদে উৎসবের আয়োজন করেছিল রিয়াল। সমর্থকদের সেই গর্জন, আতশবাজির সেই বর্ণিল আলো ৫০০ কিলোমিটার দূরের শহরটায় কি আরও জ্বালা বাড়িয়েছে? এএফপি, রয়টার্স।