রিয়ালের ত্রাতা ওজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই লিগ শিরোপা লড়াইয়ে অনেক পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। এ অবস্থায় আরেকবার হোঁচট খেলে রিয়ালের শিরোপা-স্বপ্নটা উবে যেত। পরশু ভ্যালাদোলিদের মাঠে গিয়ে সেই শঙ্কাটা ভালোই ঘিরে ধরেছিল হোসে মরিনহোর দলকে। শেষ পর্যন্ত হোঁচট তারা খায়নি। রিয়ালের ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন মেসুত ওজিল। এই জার্মান মিডফিল্ডারের জোড়া গোলে দু-দুবার পিছিয়ে পড়েও রিয়াল মাঠ ছেড়েছে ৩-২ গোলের জয় নিয়ে।এই জয়ে অবশ্য শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ৮-এ নামিয়ে এনেছে রিয়াল। তবে কাল রাতেই রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনা জিতে থাকলে ব্যবধানটা আবার ১১-ই হয়ে গেছে। দুই সপ্তাহ আগে রিয়াল বেটিসের মাঠ থেকে ১-০ গোলে হেরে আসে রিয়াল। পরশু ম্যাচের সাত মিনিটেই মরিনহোর মনে সেই যন্ত্রণার স্মৃতিটাই যেন ক্ষণিকের জন্য জাগিয়ে তোলেন অ্যাঙ্গোলিজ স্ট্রাইকার মানুচো। দারুণ ক্ষিপ্রতায় গোল করে ভ্যালাদোলিদকে এগিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দীর্ঘদেহী স্ট্রাইকার। অবশ্য পাঁচ মিনিট পরই রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা। কিন্তু ২২ মিনিটে আবারও ভ্যালাদোলিদকে এগিয়ে দেন মানুচো। বিরতির ঠিক আগে আগে এ গোলটি শোধ দেন ওজিল। ৭২ মিনিটে এই ওজিলই বাঁ পায়ের অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন।ম্যাচ শেষে মরিনহো সংবাদ সম্মেলনে পাঠান সহকারী কোচ আইতর কারাঙ্কাকে। যিনি জয়ের নায়ক ওজিলকে ভাসিয়েছেন প্রশংসায়। সার্জিও রামোসও করেছিলেন একটি গোল, যেটি অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে। ম্যাচ শেষে রিয়াল ডিফেন্ডারের দাবি, রেফারিরা প্রায়ই ভুল করে, যেগুলো রিয়ালের বিপক্ষে যায়, ‘এটা গোল ছিল।’ অন্য ম্যাচে গ্রানাডাকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে মালাগা। ওসাসুনার মাঠে গিয়ে ভ্যালেন্সিয়া জিতেছে ১-০ গোলে। এএফপি, রয়টার্স।