রিয়ালের পর বড় জয় বার্সার
লা লিগায় গতকাল শনিবার রাতে মায়োর্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এর আগে লেভান্তেকে ৫-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ।লিওনেল মেসি হ্যামস্ট্রিং ইনজুরিতে। আর্জেন্টাইন এই সুপারস্টারকে ছাড়া বার্সা কতটা জ্বলে উঠতে পারবে, এ নিয়ে একটা সংশয় ছিল। তবে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে বার্সার খেলোয়াড়েরা দেখিয়ে দিয়েছেন, বার্সা শুধুই মেসিনির্ভর দল নয়।ম্যাচের স্কোরলাইনটাই বলে দিচ্ছে, এ ম্যাচে বার্সার কাছে পাত্তাই পায়নি শক্তির বিচারে যোজন-যোজন পিছিয়ে থাকা মায়োর্কা। খেলার ২০ মিনিটে বার্সার হয়ে গোলের সূচনা করেছিলেন মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস। ৪৬ মিনিটে হওয়া ম্যাচের শেষ গোলটিও তাঁর। মাঝে ৩৭ মিনিটেও একটি গোল করেন ফ্যাব্রিগাস। বার্সার বাকি দুটি গোল করেন স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজ (২২ ও ৩৮ মিনিটে)।রিয়াল-লেভান্তে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন লেভান্তের মিশেল। পাঁচ মিনিট পরই রিয়ালকে সমতায় ফেরান গঞ্জালো হিগুয়েইন। এর দুই মিনিট পর কাকার পেনাল্টি গোলে ২-১-এ এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে কায়েহনের বদলি হিসেবে মাঠে নামা ক্রিস্টিয়ানো রোনালদো ৮৪ মিনিটে গোল করে স্কোরলাইন ৩-১ করেন। এরপর ৮৭ ও যোগ করা সময়ে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে শেষ দুটি গোল করেন আরেক বদলি খেলোয়াড় মেসুত ওজিল।দুই দলই গত রাতে জয় পাওয়ায় লিগে বার্সা ও রিয়ালের ব্যবধানটা আগের মতো ১৩-তেই রইল। লিগের শীর্ষে থাকা বার্সার ৩০ ম্যাচে অর্জন ৭৮ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর ২৯ ম্যাচে অর্জন ৬১ পয়েন্ট।লেভান্তের বিপক্ষে গত রাতে একটি গোল করায় ক্রিস্টিয়ানো রোনালদোর গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯-এ। লিগে ব্যক্তিগত নৈপুণ্যের দিক থেকে রিয়ালের পর্তুগিজ এই উইঙ্গারের অবস্থান দ্বিতীয়। ৪৩ গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি। সূত্র রয়টার্স।