
এল ক্লাসিকো মানেই অফুরান রোমাঞ্চের হাতছানি। আজ বার্নাব্যুতে রোমাঞ্চটা সম্ভবত একটু বেশিই থাকবে। আজ বার্সেলোনাকে হারাতে পারা মানেই তো রিয়াল মাদ্রিদের শিরোপার দিকে একটি পা দেওয়া।
নিজেদের মাঠে খেলা, দল দুর্দান্ত ফর্মে। কার্লো আনচেলত্তি জয়ই তো চাইবেন। মনে যাই থাক, মুখে সেটা চেপে গেলেন রিয়াল কোচ, ‘আমরা ভালো ফর্মে আছি। ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তবে আমরা জানি বড় একটি দলের সঙ্গে কাজটা কঠিন হবে। আমাদের নিজেদের সেরাটা খেলতে হবে, বার্সেলোনাকে হারাতে হলে আপনাকে শতভাগ দিতে হবে।’
সেটা যে দিতে হবে রোনালদোরাও তা জানেন। ন্যু ক্যাম্পের আগের সমরে বার্সেলোনাই তো ২-১ গোলে জিতেছিল। কাকতালই বলতে হবে, সেই ম্যাচের পর আর হারেনি রিয়াল। আজ কি বার্সেলোনাই সেই ধারায় ছেদ টানবে?

গত পাঁচটি ‘অ্যাওয়ে’ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে বার্সা। ফর্ম তাদের পক্ষে নেই। তবে এখনই যারা বার্সাকে বাতিল করে দিচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা তাদের মনে করিয়ে দিলেন, ‘আমাদের সময়টা ভালো যায়নি। তাই বলে মাদ্রিদ আমাদের সহজেই হারাবে এমন ভাবা ঠিক নয়।’ সমর্থকদের আশ্বস্ত করতে চাইলেন বার্সার এই জাদুকর, ‘এটা ভাবা কঠিন যে কিছু বার্সা সমর্থক আমাদের ওপর ভরসা রাখতে পারছেন না। পরিস্থিতি যা-ই হোক, এই দলটার অন্তত সেই নির্ভরতা পাওয়ার অধিকার আছে।’
আজকের এল ক্লাসিকো একটি যুগবদলেরও সাক্ষী হয়ে থাকবে। কার্লোস পুয়োল ও ভিক্টর ভালদেস এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। আজই হয়তো তাঁরা বার্সা জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলবেন বার্নাব্যুতে! এএফপি, ওয়েবসাইট।