রিয়ালের প্রতিশোধের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ! সান্তিয়াগো বার্নাব্যুর আকাশে-বাতাসে আজ থাকবে একটাই অনুরণন। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড যখন রিয়াল মাদ্রিদের সামনে, তখন ‘প্রতিশোধ’ শব্দটা না এসে পারে না। এই ডর্টমুন্ডই তো গতবার রিয়ালের ‘লা দেসিমা’ অভিযানে যতি টেনে দিয়েছিল। আবার সেই ডর্টমুন্ডকে তো রিয়াল এবার ছিঁড়েখুঁড়ে ফেলতে চাইবেই।
বলতে গেলে গতবার রবার্ট লেভানডফস্কি চার গোল করে একাই হারিয়ে দিয়েছিলেন রিয়ালকে। সেই লেভানডফস্কি নিষেধাজ্ঞার খড়্গে আজ মাঠে নামতে পারবেন না। তার ওপর মহামারির মতো চোট দলটাকে বানিয়ে ফেলেছে একেবারেই খর্বশক্তির। গুনদোয়ান, সুবোটিচ, বোয়াশচিকফস্কিদের মতো পরীক্ষিতদের আজ দলে পাচ্ছেন না কোচ ইয়ুর্গেন ক্লপ। ডর্টমুন্ড কোচ তবুও বসত গড়ছেন আশায়, ‘আমাদের জন্য এই মৌসুমটা খুবই কঠিন গেছে। আমাদের অনেক অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। চোটও পিছু লেগে ছিল।’
কিন্তু রিয়াল তো আর অতশত ভাবছে না। তারা এখন বিভোর শেষ চারের স্বপ্নে। গ্যারেথ বেল যেমন বললেন, ‘আমরা ডর্টমুন্ড ম্যাচের দিকে তাকিয়ে আছি। এ রকম বড় ম্যাচের জন্যই তো আপনি ফুটবল খেলেন।’ রায়ো ভায়েকানোকে ৫-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে জ্বালানিটাও ভালোই ভরে নিয়েছে রিয়াল।
রিয়াল-ডর্টমুন্ডের দ্বৈরথে খানিকটা চাপা পড়ে যাচ্ছে, নইলে চেলসি-পিএসজি ‘এল ক্যাশিকো’রও রোমাঞ্চ ছড়ানোর কথা। ইতিহাস দুই দলকে যেভাবে একবিন্দুতে মেলাচ্ছে, তাতে তো আরও বেশি করেই।
কাড়ি কাড়ি টাকা ঢাল, বড় খেলোয়াড় কেন, শিরোপা জেত—চেলসি মালিক রোমান আব্রামোভিচ প্রথম দেখিয়ে দিয়েছিলেন সাফল্যের দরজাটা। দেখানো সেই পথেই পরে হেঁটেছে পিএসজি। আজ প্যারিসে জমজমাট লড়াই-ই তো হওয়ার কথা! এএফপি।
আ জ মু খো মু খি
রিয়াল : ডর্টমুন্ড
পিএসজি : চেলসি
• প্রথমে স্বাগতিক দল