রিয়ালের প্রশংসায় বার্সা, বার্সার প্রশংসায় রিয়াল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি ধ্রুপদি লড়াই, আরেকটি মেসি-রোনালদো লড়াই।
আরেকটি ধ্রুপদি লড়াই, আরেকটি মেসি-রোনালদো লড়াই।

লা লিগার পয়েন্ট টেবিলের বর্তমান চিত্রানুযায়ী রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার দূরত্ব ৪ পয়েন্টের। ২৮ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৭০ আর বার্সার ৬৬। কিন্তু লড়াইয়ের নাম যেহেতু ‘এল ক্লাসিকো’ তাই পরিসংখ্যান, রেকর্ড সবই এখানে গৌণ। আরেকটি ধ্রুপদি লড়াই হাতছোঁয়া দূরত্বে। রোববার নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মাঠে নামার আগে দুই দলের সেনানীরা আওয়াজ ছুঁড়তে শুরু করেছেন এরই মধ্যে।

এমনিতে দুই দলের সম্পর্ক মরিনহো জমানায় চরম খারাপের দিকে পৌঁছেছিল। এল ক্লাসিকোর ধ্রুপদ খোলসটা খসে পড়ে বেরিয়ে আসত কদর্য এক রূপ। হাতাহাতির ঘটনাও ঘটেছে। তবে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। আগের এল ক্লাসিকোতে দুই পক্ষই মাঠের লড়াইয়ের আগে কথার লড়াই শুরু করে দিত। এবার যেন দুই পক্ষই সতর্ক। কোনো তোপ দাগাদাগি চলছে না। যেন আগ বাড়িয়ে কেউ নিজেদের ফেবারিট দাবি করে চাপ নিতে নারাজ।

আন্দ্রেস ইনিয়েস্তা অবশ্য বলছেন, জয় ছাড়া বার্সা অন্য কিছু ভাবছে না। তবে সেটাও ইনিয়েস্তা-সুলভ বিনয় নিয়েই, ‘আমাদের কিছুটা খারাপ সময় গেছে। কিন্তু রিয়াল (মাদ্রিদ) আমাদের সহজে হারাবে, এটা কেউ ভাবছে না। আমাদের সঠিক খেলাটাই খেলতে হবে। আমরা এটি করতেও সক্ষম।’

ইনিয়েস্তা জানালেন, ‘ওদেরকে নিয়ে ভাবার চেয়ে নিজেদের নিয়ে ভাবাটা জরুরি। আমাদেরকে বার্সা হতে হবে, সাহসী হতে হবে। যদি তা হতে না পারি, তাহলে আমাদের জন্য কিছুই ভালো হবে না। যখন সবকিছু ভালো হয়, তখন আমরা এমনই খেলি।’

পয়েন্ট টেবিলে রিয়াল এগিয়ে থাকলেও কোচ কার্লো আনচেলত্তি মোটেও এতে সন্তুষ্ট হচ্ছেন না। রিয়াল কোচ বললেন, ‘এই ম্যাচে দুই দলই ফেবারিট। মনে করি না, এ ম্যাচেই লিগের শিরোপা নির্ধারণ করবে। কারণ ওখানে (শিরোপার দৌড়ে) অ্যাটলেটিকোও রয়েছে। শিরোপা কারা জিতবে, এটি নির্ধারিত হবে একেবারে মৌসুমের শেষ ম্যাচে।’

চলতি বছরে দুর্দান্ত ফর্মে রয়েছে রিয়াল। এর পরও সতর্ক আনচেলত্তি, ‘আমরা ছন্দে রয়েছি। জানি বার্সার মতো বড় দলের বিপক্ষে জেতা কঠিন। এ ম্যাচের আগ পর্যন্ত চলতি মৌসুমের প্রথমার্ধের পর অনেক উন্নতি করেছি আমরা। বার্সাকে হারাতে আমাদের শত ভাগ উজাড় করে দিতে হবে।’

ওদিকে হাভিয়ের মাচেরানোর শঙ্কা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। দুর্দান্ত ফর্মে থাকা সিআর সেভেন প্রসঙ্গে বার্সা ডিফেন্ডারের মন্তব্য, ‘ক্রিস্টিয়ানো অসাধারণ এক খেলোয়াড়। যোগ্যতাবলেই ও ব্যালন ডি’অর জিতেছে। আকস্মিকভাবেই সে গোল করতে পারে। যখন মাঠে নামব, তাঁকে সামলানো কঠিনই হবে আমাদের, থামানো মুশকিল হবে। আশা করব, রোববার সে যেন সেরাটা না দিতে পারে।’

তবে পর্তুগিজ উইঙ্গারকে আটকাতে ভালোই ছক আঁটছে বার্সা। সেটাই জানালেন মাচেরানো, ‘তাঁকে আটকানোর সর্বোচ্চ চেষ্টা করব। বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। কিন্তু ও এমনই এক খেলোয়াড়, কঠিন পাহারাতেও দুর্দান্ত খেলতে পারে।’

প্রতিপক্ষের প্রধান অস্ত্রকে এভাবে প্রশংসায় ভাসানো অনেকটা উদ্দেশ্যমূলক হয়ে থাকে অনেক সময়। এতে করে নিজেদের চাপ প্রতিপক্ষের ওপর চাপিয়ে দেওয়া যায়। কিন্তু মাচেরানো নিশ্চয় প্রিয় সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি সম্পর্কে উদ্দেশ্যমূলক প্রশংসা করবে না। মেসি সম্পর্কে বার্সার রক্ষণভাগের এ অন্যতম ভরসার মূল্যায়ন, ‘লিওকে বর্ণনা করার ভাষা খুঁজে পাওয়া মুশকিল। তাঁকে স্তুতির বন্যায় ভাসাতে সব ইতিবাচক শব্দই ব্যবহার হয়ে গেছে।’ প্রশ্ন করা হয়, মেসি ম্যারাডোনার চেয়ে সেরা কিনা। মাচেরানোর জবাব, ‘আমার মনে হয় লিও বহু কিছু করে দেখিয়েছে। অন্য যুগের খেলোয়াড়দের সঙ্গে এ ধরনের তুলনা পছন্দ করি না। তবে এটা বলতে পারি, জীবনে যত খেলোয়াড় দেখেছি, তার মধ্যে মেসিই সেরা।’ এএফপি ও ওয়েবসাইট।