রিয়ালের বিবিসি-ভাষ্য

বেল-ক্রিস্টিয়ানো রোনালদো-বেনজেমা। ভালোবেসে সমর্থকেরা ডাকেন ‘বিবিসি’। রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ত্রিরত্ন। তিনজনের মিলিত মূল্য ২০ কোটি ইউরোর কিছু বেশি। পরশু রাতে রিয়াল বেটিস নামে যে দলটার বিপক্ষে খেলেছে রিয়াল সেটির পুরো স্কোয়াডের দাম রিয়ালের এই ত্রিরত্নের দামের এক-তৃতীয়াংশ! আকাশপাতাল ব্যবধানটা যে শুধু দামে নয়, মাঠের খেলাতেও সেটা প্রমাণের দায় তো কিছুটা হলেও বর্তায় বিবিসির ওপর।
প্রমাণ হলো বটে! বেনিতো ভিয়াম্যারিন স্টেডিয়ামের প্রায় ৪৯ হাজার দর্শকের সামনে বেটিসের জালে একটা করে গোল দিলেন বেল, বেনজেমা ও রোনালদো। আরেক উইঙ্গার আঙ্গেল ডি মারিয়া ও ফরোয়ার্ড আলভারো মোরাতার গোলে বেটিস উড়ে গেল ৫-০-তে। বিশাল জয়ের ফলে ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে অন্তত এক দিনের জন্য হলেও যৌথভাবে লা লিগার শীর্ষে উঠে গেছে রিয়াল। গত রাতে যদি বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের ম্যাচে জয়ে পেয়ে থাকে তা হলে আবারও এগিয়ে যাবে তারাই। তবে ক্যারিয়ারের ৫০০তম ম্যাচ জয়ের রাতে সাময়িক উপহারটাকেই বড় বলে মেনেছেন রিয়াল কোচ কার্লো আনচেলেত্তি, ‘অন্তত এক দিনের জন্যও হলেও শীর্ষে ওঠার সুযোগ ছিল, ছেলেরা সেটা কাজে লাগিয়েছে। অন্তত আজ রাতে তো আমাদের ঘুম ভালো হবে।’
শুরুটা করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেল্টা ভিগোর বিপক্ষে জোড়া গোল দিয়ে বছর শুরু করেছিলেন, ব্যালন ডি’অর জিতে এসে ওসাসুনার বিপক্ষে কোপা ডেল রেতে আবার গোল, পরশু ম্যাচের ১০ মিনিটেই আরও একটা। লিগে এই মৌসুমে এরই মধ্যে ২১ গোল হয়ে গেছে, সর্বোচ্চ গোলদাতার আসনটাও রিয়ালের এই পর্তুগিজ উইঙ্গারের দখলে।
তাঁর ওপরে অবশ্য নিজেকে নতুন করে প্রমাণের কোনো চাপ ছিল না, যেটা ছিল গ্যারেথ বেলের ওপর। ম্যাচের আগে স্বয়ং কোচ আনচেলত্তি বলেছিলেন, চোট থেকে ফেরা বেল আসলেই ছন্দ খুঁজে পান কি না দেখতে চান। কোচকে চিন্তামুক্ত করলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। ২৫ মিনিটে দারুণ এক ফ্রি-কিক থেকে পেয়েছেন মৌসুমে তাঁর দশম গোল, ২-০ করে ফেলে রিয়াল। বিরতির আগে যোগ হওয়া সময়ে ক্লাবের হয়ে নিজের শততম গোলটা পেয়েছেন রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমাও। ম্যাচটা আসলে শেষ হয়ে গিয়েছিল তখনই। পয়েন্ট তালিকার সবচেয়ে নিচের দল বেটিস কখনোই হুমকি হয়ে উঠতে পারেনি বলে গোলপোস্টের নিচে প্রায় অলস সময় কাটিয়েছেন রিয়ালের গোলরক্ষক ডিয়েগো লোপেজ। আর এদিকে প্রতিপক্ষের জালে দ্বিতীয়ার্ধে আরও দুবার বল পাঠিয়েছেন রিয়াল উইঙ্গার ডি মারিয়া ও বদলি হিসেবে নামা মোরাতা। এএফপি, রয়টার্স।
আনচেলত্তির ৫০০ জয়
লা লিগা ২৪
লিগ ওয়ান ৪৯
ইংলিশ লিগ ৬৭
সিরি ‘আ’ ৩৬০