রিয়ালের বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ। গ্যালাতাসারাইয়ের বিপক্ষে সেই ম্যাচের আগে কাল লা লিগায় বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে হোসে মরিনহোর দল ৫-১ গোলে হারিয়েছে লেভান্তেকে। যদিও ৩১ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেছিল লেভান্তের মিশেল। পাঁচ মিনিট পরেই দারুণ একটি অ্যাক্রোবেটিক গোল করে রিয়ালকে সমতায় ফেরান গঞ্জালো হিগুয়েইন। দুই মিনিট পর কাকার পেনাল্টি গোলে ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে কায়েহনের বদলি হিসেবে মাঠে নামা ক্রিস্টিয়ানো রোনালদো ৮৪ মিনিটে গোল করে স্কোরটা ৩-১ করেন। এরপর ৮৭ ও যোগ করা সময়ে বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে শেষ দুটি গোল করেন আরেক বদলি খেলোয়াড় মেসুত ওজিল। রয়টার্স।