রিয়ালের ভ্যালেন্সিয়া-পরীক্ষা
গত রাতে কী জিতেছে বার্সেলোনা? অবনমন এলাকার দল রিয়াল জারাগোজার বার্সার জয়রথ আটকে দেওয়ার সম্ভাবনাটা ক্ষীণই ছিল। অঘটন এড়িয়ে বার্সেলোনা যদি জিতেই থাকে, তবে তা রিয়াল মাদ্রিদের কাঁধে চাপিয়ে দিয়েছে চাপের বোঝা। কারণ, ছয় পয়েন্টের ব্যবধানটা কমে দাঁড়িয়েছে তিনে। এ অবস্থায় আজ পয়েন্ট খোয়ালে ২০০৮ সালের পর রিয়াল মাদ্রিদের লিগ শিরোপা-স্বপ্ন বড় এক ধাক্কা খাবে। কিন্তু হোসে মরিনহোর দলের সামনে বাধাটা সহজ নয়। মুখোমুখি ভ্যালেন্সিয়া। লা লিগাকে লোকে ‘দুই ঘোড়া’র (রিয়াল আর বার্সেলোনার) লিগ বলে। তবে দলীয় শক্তি আর ঐতিহ্য বিবেচনায় ওই দুই ঘোড়ার পর তৃতীয় দলটির নাম অবশ্যই ভ্যালেন্সিয়া। পয়েন্ট তালিকায়ও তার প্রমাণ। ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে রিয়াল-বার্সার পরই, তিন নম্বরে। মরিনহোর দলের জন্য স্বস্তির জায়গা, ম্যাচটি ঘরের মাঠ বার্নাব্যুতে।রিয়ালকে অনুপ্রেরণা জোগাবে পরিসংখ্যানও। দুই দলের সর্বশেষ পাঁচ সাক্ষাতেই জয়ী রিয়াল। এ মৌসুমেই গত ১৯ নভেম্বর প্রথম লেগে মরিনহোর দল ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে জিতেছিল ৩-২ গোলে। বার্নাব্যুতে জয়ের অনুপ্রেরণা খুঁজতে ভ্যালেন্সিয়াকে অবশ্য যেতে হবে চার বছর পেছনে। সর্বশেষ ২০০৮-এর মার্চে বার্নাব্যুতে ৩-২ গোলের জয়োৎসব করেছিল তারা। মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান বাদ দিয়ে দুই দল অনুপ্রেরণা খুঁজে নিতে পারছে সামপ্রতিক ম্যাচগুলো থেকেই।মালাগা ও ভিয়ারিয়ালের সঙ্গে ড্র ধাক্কা খাওয়া রিয়াল লিগে পরের দুই ম্যাচেই পেয়েছে বড় জয়। রিয়াল সোসিয়েদাদের পর ওসাসুনার বিপক্ষেও জিতেছে ৫-১ গোলে। রোনালদো-বেনজেমা-হিগুয়েইনরা গোল-উৎসব করেছেন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেও। দুই লেগ মিলিয়ে সাইপ্রাসের দল অ্যাপোয়েল নিকোসিয়াকে ৮-২ ব্যবধানে হারিয়ে মরিনহোর দল সেমিফাইনাল-মঞ্চে। মানে, সর্বশেষ চার ম্যাচে রোনালদো-বেনজেমা-হিগুয়েইনরা করেছেন ১৮ গোল। এই ত্রয়ীর দিকেই আজ তাকিয়ে থাকবেন মরিনহো। তবে তাঁর ভয়ও আছে একজনকে নিয়ে। ভ্যালেন্সিয়ার স্ট্রাইকার রবার্তো সলদাদো!২৬ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার আছেন দুর্দান্ত ফর্মে। নভেম্বরের প্রথম লেগে ভ্যালেন্সিয়ার দুটি গোলই করেছিলেন এই স্ট্রাইকার। আজ তাই তাঁকে কড়া পাহারাতেই রাখতে চাইবেন মরিনহো। রিয়ালের সেন্টারব্যাক রাউল আলবিওলই যেমন বলছেন, সলদাদোকে রাখা হবে কড়া নজরদারিতে, ‘তাকে আটকানো খুবই কঠিন, বিশেষ করে পেনাল্টি সীমানায়। কারণ, সে এক জাত স্ট্রাইকার। বল পায়ে সে যেকোনো জায়গাতেই বিপজ্জনক।’ ওয়েবসাইট।