রিয়ালের ভয় এবং মরিনহো-দ্রগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্লো আনচেলত্তি ইতিহাসের মনোযোগী ছাত্র কি না, জানা নেই। তবে হলে একটা তথ্য নিশ্চিত অস্বস্তি জাগাবে রিয়াল কোচের মনে—২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত টানা ছয়বার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়েছে রিয়াল। আজ যখন সেই শেষ ষোলোতেই রিয়ালের মুখোমুখি শালকে, আনচেলত্তি ইতিহাস নিয়ে খুব বেশি ঘাঁটাঘাঁটি না করলেই ভালো করবেন!
কিন্তু শেষ ষোলোর ফাঁড়া বাদে আর কী এমন কাঁটা বিছানো আছে অতীতের রাজপথে? জার্মানির মাঠে রিয়াল মাদ্রিদের রেকর্ডটাই তো যথেষ্ট ‘দুশ্চিন্তা’ করার মতো! জার্মান প্রতিপক্ষের সঙ্গে গত ২৪টি অ্যাওয়ে ম্যাচের ১৭টিতেই হেরেছে রিয়াল। সর্বশেষটি স্বপ্নভঙ্গের সঙ্গে লজ্জার বিস্মরণীয় যুগলবন্দীই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ডর্টমুন্ডের মাঠে ৪-১ গোলে হার!
তবে এই মুহূর্তে রিয়াল যেমন খেলছে, তাতে ওসব ‘পুরোনো কাসুন্দি’ আনচেলত্তি একদিকে সরিয়ে রাখতে পারেন। গত অক্টোবর থেকে খেলা ২৬টি ম্যাচেই অপরাজিত রিয়াল। গত কয়েকটি ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিটাও বুঝতেই দিচ্ছেন না বেল-বেনজেমা-হেসেরা। আজ রোনালদোকেও ফিরে পাচ্ছে রিয়াল। রাউল গনজালেজ যখন বলেন, ‘অনেক বছরের মধ্যে এটাই রিয়াল মাদ্রিদের সেরা দল’, তা থেকেই বোঝা যায় রিয়াল কেমন খেলছে!
রাউলের কথাটাকে আলাদা একটু গুরুত্ব দিতে হচ্ছে অন্য কারণে। শুধু রিয়ালেরই নয়, ক্যারিয়ারের শেষ দিকে শালকের সঙ্গেও একটা অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে গিয়েছিলেন স্প্যানিশ স্ট্রাইকার। রিয়ালকে ফেবারিট মেনেও তাই আজ গেলসেনকিরচেনে শালকের জন্য তাঁর ‘টোটকা’, ‘শালকের প্রতিটি খেলোয়াড়কেই নিজেদের ১২০ ভাগ ঢেলে দিতে হবে।’”
ইতিহাস ফিরে ফিরে আসছে ইস্তাম্বুলেও। তবে এখানে ইতিহাসের সঙ্গে গলাগলি করে আছে নস্টালজিয়ার ফল্গুধারা। কাগজে-কলমে ম্যাচটা চেলসি-গ্যালাতাসারাইয়ের, কিন্তু আসলে তো দিদিয়ের দ্রগবার ম্যাচ !
দ্রগবার নাম বললেই সবার আগে ভেসে ওঠে দুই বছর আগের একটি ছবি। চেলসিকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জিতিয়ে চাপা পড়েছেন সতীর্থদের বাঁধভাঙা আলিঙ্গনে। সেই বছরেই চেলসি ছেড়ে চীন ঘুরে এখন থিতু হয়েছেন তুরস্কে। পুরোনো ক্লাবের মুখোমুখি হওয়ার অনুভূতিটা কেমন? দ্রগবার স্বীকারোক্তিতে আবেগ-পেশাদারি মিলেমিশে একাকার, ‘ভালো না লাগলে আপনি আট বছর কোনো ক্লাবে থাকবেন না। আমি খুবই আবেগতাড়িত। চেলসিকে আমি ভালোবাসি, কিন্তু এখন আমি গ্যালাতাসারাইতে খেলি। তাদের জন্য আমি সেরাটাই ঢেলে দেব।’
হোসে মরিনহোও কি আবেগে ভেসে যাচ্ছেন? চেলসি কোচ আগেই জানিয়েছিলেন, ‘অদ্ভুত একটা অনুভূতি। আমরা ওকে ভালোমতো চিনি, কিন্তু খেলায় বন্ধু বলে কিছু নেই।’ আরও কজন চেনা মুখকেও আজ পাচ্ছেন চেলসি কোচ। ওয়েসলি স্নেইডার ছিলেন মরিনহোর ত্রিমুকুটজয়ী ইন্টারের প্রাণভোমরা। সেই অভিজ্ঞতাটাকে স্নেইডার দেখছেন এভাবে, ‘আমরা মরিনহোকে খুব ভালো চিনি, সম্ভবত চেলসির খেলোয়াড়দের চেয়েও।’”
সেই চেনাটা কতটুকু, সেটা আজই জানা যাবে! এএফপি, ওয়েবসাইট ।
আজ মুখোমুখি
শালকে-রিয়াল মাদ্রিদ
গ্যালাতাসারাই-চেলসি