রিয়ালের মাঠে ইন্টার-বায়ার্ন মহারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঁচে থাকলে হেলেনিও হেরেরার বয়স হতো ঠিক ১০০ বছর। ইন্টার মিলান তাদের এই কিংবদন্তি কোচের জন্মশতবর্ষ কীভাবে উদ্যাপন করেছে কে জানে। এ নিয়ে কোনো খবর-টবরও আসেনি। হয়তো আজকের জন্যই সব আয়োজন জমিয়ে রেখেছে। ১৯৬৪ ও ১৯৬৫ সালে টানা দুবার যাঁর হাত ধরে সর্বশেষ ইউরোপ-সেরা ট্রফিটা জিতেছিল ইন্টার, তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানানোর সবচেয়ে ভালো উপায় তো অবশ্যই আরও একবার চ্যাম্পিয়নস লিগ জেতা! ৪৫ বছর হয়ে গেছে ইন্টার এই শিরোপা জেতেনি। ফাইনালেও তো তারা উঠল ৩৮ বছর পর। বায়ার্ন মিউনিখের অবশ্য ট্রফিটায় আধা শতাব্দীর ধুলো নেই। সর্বশেষ ফাইনাল বলুন কিংবা ট্রফি জয়, দুটোই এসেছিল ২০০১ সালে। তাদের তখনকার কোচ ওটমার হিজফেল্ডও দিব্যি আছেন। সুইজারল্যান্ডের কোচ হিসেবে যাচ্ছেন বিশ্বকাপেও। আজ এই হিজফেল্ডের একটা কীর্তি ছোঁয়ার অপেক্ষায় মাঠে ‘নামবেন’ লুই ফন গল আর হোসে মরিনহো। ভিন্ন ভিন্ন দুটো দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার কীর্তিটাও তো এই হিজফেল্ডরই।শক্তি আর দুর্বলতাবায়ার্নের প্রাণভোমরা ফ্রাঙ্ক রিবেরিই আজ নেই নিষেধাজ্ঞার কারণে। ফলে মূল ভারটা নিতে হবে আরিয়েন রোবেনকেই। ইভিসা ওলিচও দুর্দান্ত ফর্মে। চ্যাম্পিয়নস লিগে সাত গোল করেছেন। আর দুটো গোল করতে পারলেই লিওনেল মেসিকে ছাপিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই ক্রোট ফরোয়ার্ড। আক্রমণভাবে ওলিচের সঙ্গী থমাস মুলার, রোবেনের পাশাপাশি তাঁদের বল জোগান দেবেন মার্ক ফন বোমেল আর বাস্তিয়ান শোয়েনস্টেইগার। গোলপ্রহরী ইয়েন্স-জর্জ বাট এই ৩৫ বছর বয়সেই যেন ক্যারিয়ারের সেরা ফর্মে। বায়ার্নের মূল দুশ্চিন্তা তাদের রিজার্ভ বেঞ্চের ফর্মহীনতা।শিরোপা জেতাটাই মরিনহোর কাছে শেষ কথা। আজও তাই ইতালির ‘ঐহিত্যবাহী’ রক্ষণকৌশল কাতানেসিও অনুপ্রাণিত ছক আঁটতে পারেন পর্তুগিজ কোচ। রক্ষণে ওয়াল্টার স্যামুয়েল আর লুসিওর আর্জেন্টিনা-ব্রাজিল মেলবন্ধন ইন্টারের রক্ষণদুর্গকে করেছে সুরক্ষিত। গোলরক্ষক হুলিও সিজার তো আছেনই। ৪-২-৩-১ ফরম্যাট হলে একমাত্র স্ট্রাইকার হিসেবে সামনে থাকবেন ডিয়েগো মিলিতো। অবশ্য মরিনহো প্রতিপক্ষকে চমক দিতে ভালোবাসেন। তাই আগাম কিছু মন্তব্য করা দুষ্কর। ইউরোপীয় ফুটবল বিশ্লেষকেরাও তাই আজকের ম্যাচে এগিয়ে রেখেছেন ইন্টারকেই। তবে নিজেদের পাতা রক্ষণফাঁদে ধরা পড়ে যেতে পারে তারা নিজেরাই। প্রথমে গোল হজম করে বসলে সেটি শোধ দেওয়া ইন্টারের জন্য বেশ কঠিন কাজ বলেই প্রমাণিত হয়েছে এই মৌসুম।লড়াইয়ের মধ্যে লড়াইএই দুই দল ফাইনালে নাম লেখানোর পর থেকেই বিষয়টি আলোচিত হচ্ছে—গুরু বনাম শিষ্য। ফন গল ১৯৯৭ থেকে ২০০০ পর্যন্ত বার্সেলোনার কোচ থাকার সময় তাঁর সহকারী ছিলেন মরিনহো। সেই দুজনকেই আজ মুখোমুখি করে দিয়েছে অদৃষ্ট। মরিনহো অবশ্য গুরুর ফুটবল আদর্শে বিশ্বাসী নন। রাইনাস মিশেলের উত্তরসূরি হিসেবে আক্রমণাত্মক ঘরানার ফুটবলই খেলান ফন গল, মরিনহোর সহজ দাওয়াই—অবস্থা বুঝে ব্যবস্থা।আজ দুই দলেরই মূল খেলোয়াড় দুই ডাচ সতীর্থ রোবেন আর ওয়েসলি স্নাইডার। গত মৌসুমে রিয়াল থেকে ‘বিতাড়িত’ এই দুই খেলোয়াড় আবার আজ ফিরছেন বার্নাব্যুতে।রোবেনকে আটকানোর ভার হাভিয়ের জানেত্তির ওপর। মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখতে মুখোমুখি ফন বোমেল আর এস্তেবান ক্যাম্বিয়াসো। ডিয়েগো মিলিতোকে আটকানোর ভার পড়েছে তাঁরই স্বদেশি মার্টিন ডেমিচেলিসের ওপর।একখণ্ড বিশ্বকাপবিশ্বকাপে খেলবেন এমন ছয় ফুটবলার আছে ইন্টারে: সিজার, লুসিও, মেইকন, স্নাইডার, স্যামুয়েল ইতো ও মিলিতো। বায়ার্নে আছেন বাট, ফিলিপ লাম, শোয়েনস্টেইগার, মুলার, মারিও গোমেজ, মিরোস্লাভ কোসা—ছয় জার্মান। এর সঙ্গে আছেন রোবেন।কিছু পরিসংখ্যানযে দলই জিতুক, বার্সেলোনা (২০০৯), ম্যানইউ (১৯৯৯), আইন্দহোফেন (১৯৮৮) এবং সেল্টিকের (১৯৬৭) কৃতিত্বে ভাগ বসাবে। একই মৌসুমে লিগ, কাপ এবং চ্যাম্পিয়নস লিগ—শিরোপাত্রয়ী জেতার কৃতিত্ব আছে শুধু এই চার দলের। দুই কোচের জন্যও ভিন্ন দুটো ক্লাবের হয়ে এই শিরোপা জেতার (হিজফেল্ড ছাড়াও যেটি আছে আর্নস্ত হ্যাপেলের) সুযোগ এসেছে। পোর্তোর হয়ে ২০০৪ সালে জিতেছিলেন মরিনহো, ফন গল ১৯৯৫ সালে জিতেছিলেন আয়াক্সের হয়ে।