রিয়ালের মুখে মেসির প্রশংসা
ইউরোপিয়ান কাপ ১৯৯২ সালে নাম বদলে ‘চ্যাম্পিয়নস লিগ’ হওয়ার পর তাতে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাই ৫ গোল করেছেন। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ওই অনন্য কীর্তির পর থেকেই বিশ্বজুড়ে কোচ-খেলোয়াড়েরা মেসির প্রশংসায় পঞ্চমুখ। শত্রুতা বা প্রতিদ্বন্দ্বিতার বিষয়কে পাশে সরিয়ে রেখে মেসির জয়গান চলছে রিয়াল মাদ্রিদ শিবিরেও! আরও নির্দিষ্ট করে বললে, কোচ হোসে মরিনহো ও ক্রিস্টিয়ানো রোনালদো—দুজনের কণ্ঠেই ঝরেছে মেসি-স্তুতি! বার্সেলোনা ও রিয়ালের প্রতিদ্বন্দ্বিতাটা চিরকালীন। মরিনহো রিয়ালের কোচ হয়ে আসার পর থেকে ‘এল ক্লাসিকো’য় উত্তেজনা তুঙ্গে। রোনালদো-মেসির ব্যক্তিগত দ্বৈরথও উঠে গেছে অন্য উচ্চতায়।কিন্তু মাঠের এই দ্বৈরথ পাশে রেখে রোনালদো মেতে উঠলেন মেসি-বন্দনায়, ‘আমি মেসির জন্য খুশি। খুশি ফুটবলের জন্য।’ মরিনহো বলছেন, ‘পাঁচ গোল করা কখনোই সহজ নয়। তার জন্য ওই রাতটা ছিল অসাধারণ।’কাল রাতেই সিএসকেএ মস্কোর বিপক্ষে শেষ ষোলোর ফিরতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মরিনহো-রোনালদোর রিয়াল। তার আগে রোনালদোর কাছে জানতে চাওয়া হয়, মেসির মতো তিনিও এক ম্যাচে পাঁচ গোল করতে পারবেন কি না। এমনিতে সব সময়ই আত্মবিশ্বাসে ঝলমল রোনালদোর ম্রিয়মাণ উত্তর, ‘এক দিনে পাঁচ গোল করতে পারব কি না, আমি ঠিক নিশ্চিত নই। তবে আশা তো করি, পারব।’বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দল মিলিয়ে সর্বশেষ ছয় ম্যাচে ১৬ গোল করেছেন মেসি। গত মৌসুমে ৫৫ ম্যাচে ৫৩ গোল করা বার্সেলোনা তারকা এবার এরই মধ্যে ৪৩ ম্যাচে ৫০ গোল করে ফেলেছেন! বার্সেলোনার হয়ে মোট গোল হলো ২৩৫টি। আর পাঁচটি হলেই টানা তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার ধরে ফেলবেন বার্সেলোনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সিজার রদ্রিগেজকে।রোনালদোও কম যান না। সর্বশেষ ছয় ম্যাচেই গোল করা পর্তুগিজ তারকা এই মৌসুমে নামের পাশে লিখে ফেলেছেন ৪০ গোল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে এসেছেন তিন বছর হয়নি। অথচ ১২৭ ম্যাচে ১২৫ গোল করে ফেলেছেন! এভাবে চললে রিয়ালের কিংবদন্তিদের খাতায় দ্রুতই তুলে নিতে পারবেন নিজের নামটি। কিন্তু রোনালদোর কথা, ‘আমি জানি না, আমি এখানে আরও বেশি সম্মান পাব কি না। তবে সেটা আমার কাছে কোনো ব্যাপার নয়। আমার ত্রুটি-বিচ্যুতি এবং মর্যাদা নিয়ে আমি একই রোনালদো থাকব। আমি শুধু আমার দল এবং নিজেকে নিয়ে উদ্বিগ্ন। গোল আমার কাছে কোনো বিষয় নয়।’কাল সিএসকেএর বিপক্ষে জয় তো বটেই, গোলশূন্য ড্র করলেও বার্সেলোনার পথ ধরে রিয়ালও উঠে গেছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে দুই চিরশত্রুর। না হলেও আগামী মাসে লা লিগার ম্যাচটি তো আছেই। সেই লড়াইয়ে আবার মেসি-রোনালদো দ্বৈরথ শুধু বারুদেরই গন্ধ ছড়াবে। ওয়েবসাইট।