রিয়ালের রাতে বার্সার ড্র
আগের তিন ম্যাচে গোল পাননি। গোলের জন্য হয়তো ভেতরে ভেতরে ফুঁসছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরশু ১৫ মিনিটের মধ্যে করে বসলেন তিন গোল! এই মৌসুমে তাঁর তৃতীয় হ্যাটট্রিক! সেই সঙ্গে গঞ্জালো হিগুয়েইনের গোল মিলে মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ।রোনালদোর সঙ্গে তাঁর গোলের দ্বৈরথ আছে—এমনটাই সবাই ভাবে। ভাবতে ভালোবাসে। অন্তত রোনালদো হ্যাটট্রিক করলে লিওনেল মেসি তার ‘জবাব’ হ্যাটট্রিক দিয়েই দেন। কিন্তু পরশু রাতে একেবারেই অন্য ছবি। নির্ধারিত ৯০ মিনিটে মেসিকে গোলবঞ্চিত রাখলেন সেভিয়া গোলরক্ষক জাভি ভারাস। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে দুঃখ ভোলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু অনায়াসে একের পর এক গোল করে চলা মেসির জন্য যেন অদৃশ্য এক গেরো ছিল এ রাতে। আর তাই মেসির পেনাল্টিও ঠেকিয়ে দিলেন ভারাস! গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ল বার্সা।দুই দলের এই বিপরীত যাত্রার ছবি পয়েন্ট টেবিলেও। শীর্ষস্থানটি রিয়ালকে ছেড়ে দিয়ে দুইয়ে নেমে গেল বার্সা। অবশ্য এই মৌসুমের চমক লেভান্তে কাল রাতে ভিয়ারিয়ালকে হারিয়ে থাকলে শীর্ষে ওঠে যাওয়ার কথা তাদেরই। সে ক্ষেত্রে রিয়াল নামবে দুইয়ে, বার্সা তিনে।রিয়ালেরই সাবেক কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির নেতৃত্বে মালাগা চেয়েছিল প্রতিশোধ নিতে। একাদশ মিনিটেই অফসাইডের ফাঁদ ভেঙে তাদের সেই চাওয়ায় প্রথম ধাক্কা দেন হিগুয়েইন। এরপর ২৩, ২৮ ও ৩৮ মিনিটে রোনালদোর তিন গোল। প্রথমার্ধেই ৪-০! অবশ্য দ্বিতীয়ার্ধে ভালোমতো ঘুরে দাঁড়ায় মালাগা। তাতে গোল না দিতে পারলেও আর গোল হজম করতে হয়নি তাদের। তবে এ নিয়ে গত ছয় ম্যাচে ২৫ গোল করে বার্সেলোনাকে প্রচ্ছন্ন একটা হুমকি দিয়ে রাখল হোসে মরিনহোর দল।বার্সেলোনার সামনে সুযোগ ছিল আবারও রিয়ালকে টপকে যাওয়ার। নিজেদের মাঠে বরাবরের মতো আক্রমণাত্মক ফুটবলই খেলেছে তারা। প্রতিপক্ষের রক্ষণে ছিল ২১টি শট। এর মধ্যে গোলেই শট ছিল ছয়টি। ছয়টি শটই ঠেকিয়ে দিয়েছেন চীনের প্রাচীর গড়ে গোলপোস্ট আগলে রাখা ভারাস। এর মধ্যে বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেসকেও দু-তিনবার পরীক্ষা দিতে হয়।শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে গোলবঞ্চিত বার্সার সামনে সুযোগ আসে পেনাল্টি বক্সে ইনিয়েস্তা ফাউলের শিকার হওয়ায়। রেফারির এ সিদ্ধান্ত পছন্দ হয়নি সেভিয়ার। দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফ্যাব্রিগাসের ওপর চড়াও হওয়ায় লাল কার্ড দেখেন সেভিয়ার সবচেয়ে বড় তারকা ফ্রেডেরিক কানুটে। মেসির পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার খানিক পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফার্নান্দো নাভারো। শেষ দুই মিনিট ৯ জনের দল নিয়ে খেলেও ১ পয়েন্টের হাসি নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া।ম্যাচ শেষে দুই দলের কোচই কৃতিত্ব দিয়েছেন ভারাসকে। অসন্তুষ্ট গার্দিওলা বলেছেন, ‘নয়জন খেলোয়াড়ই যদি রক্ষণে থাকে তাহলে খেলা মুশকিল। তবে সেভিয়ার রক্ষণকে অভিনন্দন জানাতেই হবে। বিশেষ করে ভারাস তো এদিন অসাধারণ খেলেছে।’ আর তৃপ্ত সেভিয়া কোচ মার্সেলিনো গার্সিয়ার কথা, ‘আমাদের গোলরক্ষক ভালো খেলেছে, কিন্তু আমরাও তো ভালদেসের পরীক্ষা নিয়েছি।’বার্সার জন্য এই ম্যাচে ছিল একটাই সান্ত্বনা। টানা ৫৭৭ মিনিট গোল খাননি ভালদেস। ক্লাবের জন্য এটি নতুন রেকর্ড। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।