রিয়ালের রোনালদো মিলানের রবিনহো
বার্নাব্যুতে ভারী হয়ে থাকা বাতাসটা হালকা হলো রিয়াল মাদ্রিদ কিংস কাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়ায়। নিজেদের মাঠে প্রথম লেগটা ৩-১ গোলে জিতেছিল রিয়াল। কোয়ার্টার ফাইনালে মাদ্রিদ ডার্বির দ্বিতীয় অধ্যায়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে রিয়াল অ্যাটলেটিকোকে হারিয়েছে ১-০-তে।স্প্যানিশ লিগে আলমেরিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র বার্নাব্যুতে তুলেছে ছোটখাটো একটা ঝড়। এই ড্র নিয়ে রিয়ালের কোচ হোসে মরিনহো ও মহাব্যবস্থাপক হোর্হে ভালদানোর সঙ্গে লেগে গেছে বলে জানিয়েছে স্প্যানিশ মিডিয়া। তবে ম্যাচের পর সাংবাদিকদের ভালদানো বলে দিয়েছেন, ‘মরিনহোর সঙ্গে আমার কোনো বিবাদ নেই। সংবাদমাধ্যমে অনেক কিছুই লেখা হয়েছে। এসবের কোনো মানেই নেই। রোববারের পর আমরা একসঙ্গে ডিনার করেছি। আমাদের মধ্যে বার্তা চালাচালিও হচ্ছে নিয়মিত।’ভালদানো বলতে চেয়েছেন রিয়ালে কোনো ঝামেলা নেই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। রোনালদোর গোলটিতেই মিশে ছিল সম্মিলিত প্রচেষ্টার ছাপ। তাঁর গোলে সরাসরি অবদান ছিল দুজনের। জাভি আলোনসো লম্বা পাস ধরে রোনালদোকে বল দেন সার্জিও রামোস। তা থেকেই রোনালদো রিয়াল সমর্থকদের এনে দেন আরেকটি ডার্বি জয়ের আনন্দ। ক্লাব ফুটবলের এই মৌসুমে মেসির সঙ্গে সমানে সমান চলছেন রোনালদো। এটি দিয়ে মেসির ৩২ গোলের সমান করলেন রোনালদো।এদিকে ইতালিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে এসি মিলান। পরশু বারির বিপক্ষে ৩-০ গোলের জয়ে মিলানের নায়ক ব্রাজিলিয়ান তারকা রবিনহো। তিন গোলের একটি করলেও জ্লাতান ইব্রাহিমোভিচ ও জার্মান মিডফিল্ডার মের্কেলের গোল দুটিতে অবদান ছিল তাঁর। আর রবিনহোর গোলে অবদান রেখেছেন এ ম্যাচেই প্রথম মিলানের প্রথম একাদশে নামা আন্তোনিও কাসানো। এএফপি।