রিয়ালের লক্ষ্য ‘১৩’
সুযোগ থাকলে ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের কানে প্রতিশোধের মন্ত্র পড়িয়ে দিতেন হোসে মরিনহো। প্রতিশোধ? বার্সেলোনার কাছে হেরেই তো কোপা ডেল রের সেমিফাইনাল থেকে বিদায় নিল ভ্যালেন্সিয়া। এই দুই দল আবারও মুখোমুখি হচ্ছে লিগে। আগামীকাল নিজেদের মাঠে ভ্যালেন্সিয়াকে ‘আতিথ্য’ দেবে বার্সা। স্প্যানিশ কাপের পরাজয়ের প্রতিশোধ যদি নিতে পারে ভ্যালেন্সিয়া, লিগ শিরোপা ধরে রাখার সুদূরতম আশাও সমাহিত হবে বার্সার।এর আগে আজই মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রেসিং সান্তান্দার। এ পর্যন্ত লা লিগায় ২২ ম্যাচের মাত্র তিনটি জিততে পারেনি রিয়াল। এর একটি রেসিংয়ের বিপক্ষে। লিগের চতুর্থ ম্যাচেই নিজেদের মাঠে রিয়ালকে গোলশূন্য ড্রতে আটকে দিয়েছিল রেসিং। নিজের শিষ্যদের কানেও তো প্রতিশোধের মন্ত্র পড়িয়ে দিতে হবে মরিনহোকে!অবশ্য রেসিংয়ের শুরুর সেই তেজ আর নেই। গত চার ম্যাচে তো জয়ের মুখই দেখেনি। পয়েন্ট টেবিলেও ঝুলে আছে অবনমন অঞ্চলে। লিগে সর্বশেষ ১৮ ম্যাচের ১৭টিতেই জয়ী রিয়াল আজ রেসিংকে গোলের মালা পরানোর লজ্জায় ফেলে কি না, সেটাই বরং প্রশ্ন। ফলে ধরে নিতে পারেন, রিয়াল ১৩ পয়েন্টেই এগিয়ে যাচ্ছে। ভ্যালেন্সিয়ার মতো শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে এই ‘১৩’ না গেরো হয়ে যায় বার্সার জন্য। মানসিক একটা চাপ তো থাকবেই।মরিনহোর জন্য একটা দুশ্চিন্তা আছে। লিগে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতে শুরুতেই গোল খেয়েছে তাঁর দল। পিছিয়ে থেকে শুরু করেও জয় নিয়ে ফেরা অন্য মানসিক শক্তির পরিচয়ই দেয়। কিন্তু লখিন্দরের বাসরঘর হয়ে থাকা রক্ষণভাগটা আরও মজবুত করতে চান পর্তুগিজ কোচ। রিয়াল অনেক সুবিধাজনক অবস্থায় আছে ঠিকই, কিন্তু সেই আয়েশে গা ঢিলে দিলেই তো সর্বনাশ।বার্সা শিবির মুখে যা-ই বলুক, কার্যত লিগের আশা যে শেষ হয়ে গেছে, সেটা যেন তারা মেনেই নিচ্ছে। ভিক্টর ভালদেস প্রথমে বলছেন, ‘চ্যাম্পিয়নস লিগে পাওয়া জয়টা আমাদের লিগেও টেনে নিয়ে যেতে হবে। লেভারকুসেনের বিপক্ষে জয়টা গুরুত্বপূর্ণ ছিল। কোনো সন্দেহ নেই এর ফলে লিগেও আমরা আরও শক্তিশালী হয়ে নামতে পারব। প্রতিপক্ষের মাঠের ম্যাচগুলোয় আমরা ভালো করতে পারিনি বলেই ১০ পয়েন্টে পিছিয়ে আছি। কিন্তু আমাদের হাল ছাড়লে হবে না। নিজেদের ওপর আস্থা রাখতে হবে। তা হলে ফল এমনিই আসবে।’সেই ভালদেসই এরপর যোগ করেছেন, ‘আমরা এখনো বিশ্বাস করি, আমাদের পক্ষে লিগ জেতা সম্ভব। তবে প্রতিটি ম্যাচ ধরে এগোতে হবে। আমরা কিংস কাপের ফাইনালে উঠেছি, আশা করি চ্যাম্পিয়নস লিগও ধরে রাখতে পারব।’ঠিক যেন পেপ গার্দিওলার কথারই প্রতিধ্বনি। ওসাসুনার কাছে হেরে যাওয়ার পর গার্দিওলা বলেছিলেন, তাঁর চোখ আসলে চ্যাম্পিয়নস লিগ আর কোপা ডেল রের দিকেই। এএফপি।