রিয়ালের সাফল্যে কাকাকে চান রোনালদো
গত নভেম্বরের শেষ দিক থেকে দলের বাইরে কাকা। এই সময়ে চার ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে রিয়াল মাদ্রিদ। শুধু তা-ই নয়, স্প্যানিশ সংবাদমাধ্যমের একটা অংশ গুঞ্জনও তুলে দিয়েছে, সাড়ে ৬ কোটি ইউরো দিয়ে কেনা এই খেলোয়াড়কে ছাড়াই ভালো খেলে রিয়াল!তবে এমন ধারণা উড়িয়ে দিয়েছেন খোদ ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালের এই পর্তুগিজ উইঙ্গার বলছেন, কাকা দলের জন্য অপরিহার্য, ‘যার যা খুশি বলতে পারে। কিন্তু আমার কাছে কাকা একজন কিংবদন্তি। আশা করি ও দ্রুত ফিরবে। রিয়ালের সাফল্যের জন্য ও অপরিহার্য।’জয়-পরাজয়ের হিসাবে কাকার অপরিহার্যতা বোঝা না গেলেও রোনালদোরটা ঠিকই বোঝা গিয়েছিল। প্রায় দুই মাস ইনজুরিতে ছিলেন রোনালদো। রোনালদো ইনজুরিতে পড়ার পর ৫ ম্যাচের মাত্র একটা জিতেছিল রিয়াল। এর মধ্যে ছিল কোপা ডেল রেতে তৃতীয় বিভাগের দল অ্যালকরকনের কাছে ০-৪ গোলে পরাজয়ের লজ্জাও।রোনালদোকে অহংকারী বলতে পারেন, কিন্তু এই কথা বলতে তাঁর কোনো দ্বিধা নেই, ‘আমিই বিশ্বসেরা।’ শুধু সমসাময়িক কালের নয়, রোনালদো ইতিহাসের সেরা খেলোয়াড় হতে চান, ‘এ বছর কিংবা তার পরের বছর আমি ব্যালন ডি’অর আবার জিতব। আমার লক্ষ্য ইতিহাসেরই সেরা খেলোয়াড় হওয়ার।’তা তিনি হতে পারবেন কি না সময়ই বলে দেবে। তবে এরই মধ্যে অন্তত বিপণনের দিক দিয়ে ক্লাব ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় হয়ে গেছেন তিনি। ক্রীড়া দৈনিক এএস-এর প্রতিবেদন বলছে, পণ্যদূত হিসেবে ডেভিড বেকহামের যে রাজত্ব, সেটি এখন রোনালদোর দখলে। ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার আরমানির অন্তর্বাস আর জিন্সের বিশ্বব্যাপী প্রচারণায় মডেল হিসেবে বেকহামের জায়গায় রোনালদোকে ব্যবহার করা হবে। এর আগে পেপে জিন্স, নাইকি, কোকাকোলা, ফিফা ভিডিও গেমস, এক্সট্রা জোশ ইনার্জি ড্রিংকসহ বিভিন্ন পণ্যের মডেল হয়েছেন তিনি। এএফপি, ওয়েবসাইট।