রিয়ালের স্বস্তির জয়
আলো ফিরে এল ঠিকই, কিন্তু আসল আলো ঠিকঠাক জ্বালাতে পারল না রিয়াল মাদ্রিদ। ম্যাচ হওয়ার কথা ছিল আগের দিন। কিন্তু দুষ্কৃতকারীদের কারণে ফ্লাডলাইটের আলো রোববার জ্বলেনি। এক দিন পিছিয়ে রিয়াল-রায়ো ভায়োকানো ম্যাচ হয়েছে পরশু। ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় রিয়ালের তারকারাজি অবশ্য ম্রিয়মাণই থাকল। ঘাম ঝরিয়ে জিতল ২-০ গোলে।শেষ পর্যন্ত অস্বস্তির ৯০ মিনিট পেরিয়ে স্বস্তির তিন পয়েন্ট পেয়েছে হোসে মরিনহোর দল। যদিও বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান থেকে গেল আট। কিন্তু সাত পয়েন্ট নিয়ে ১৬ নম্বর থেকে সাতে উঠে আসা রিয়ালের জন্য খানিক স্বস্তির তো বটেই।১৩ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে রিয়ালকে এগিয়ে নেন করিম বেনজেমা। খেলা শেষের ২০ মিনিট আগে পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো করলেন ২-০। কিন্তু এই দুই গোলের মাঝখানে বেশ কবার স্নায়ুর পরীক্ষা দিয়েছে রিয়াল। একবার গোললাইন থেকে বল ক্লিয়ার করে রিয়ালকে বাঁচিয়েছেন জাবি আলোনসো। জর্ডি আমাতের বুলেট হেডার দারুণভাবে ঠেকিয়ে দিলেন ইকার ক্যাসিয়াস। ফিরতি বলে মিকেল লাবাকার শট। বুদ্ধি করে গোললাইনের ওপর চলে যাওয়া আলোনসো সেখান থেকেই ক্লিয়ার করেন।পেনাল্টি থেকে গোলের পরও অস্বস্তি কাটেনি রিয়ালের। যদিও গোলরক্ষককে একা পেয়েও সহজতম সুযোগ কাজে লাগাতে পারেননি রোনালদো। বল মেরেছেন পোস্টে।রিয়াল কক্ষপথে ফিরল ঠিকই। কিন্তু মরিনহোর কণ্ঠে মিশ্র প্রতিক্রিয়া, ‘আমরা একটা দল হিসেবেই জোট বেঁধে খেলেছি। যদিও আমাদের পক্ষে আরও ভালো খেলা সম্ভব ছিল। আমরা দায়বদ্ধ ছিলাম, এটাই গুরুত্বপূর্ণ। এটাই আমাদের কোনো সমস্যা ছাড়া জিতিয়েছে। খেলা এক দিন পিছিয়ে যাওয়ায় পরিস্থিতিটা অদ্ভুত হয়ে গিয়েছিল। প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে যায়। অবশ্য দুই দলের ক্ষেত্রেই তা হয়েছে। আমরা সেই সমস্যা কাটিয়ে উঠেছি। এটা হয়তো দারুণ একটা জয় নয়, কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করেছি। আমাদের গোল করার অনেক সুযোগ তৈরি হয়েছিল। অন্যদিকে তারা সুযোগ তৈরি করেছে কম।’রিয়ালের নেওয়া ১৬ শটের ছয়টি ছিল গোলে। বেশ কবার দুর্দান্ত সেভ করেছেন ভায়োকানো গোলরক্ষক রুবেন। ম্যাচের শুরুর দিকে ফ্রি কিক থেকে পেপের ফ্রি হেডার দারুণভাবে ঠেকিয়েছেন তিনি অ্যাক্রোবেটিক ছন্দে।ভায়োকানোও পাল্টা আক্রমণে বিপদের কারণ হয়েছিল রিয়ালের জন্য। ম্যাচে তাদের শট ১৩টি, এর মধ্যে তিনটি গোল অভিমুখী। দুই দলের বল পজেশনও ছিল প্রায় সমান। ভায়োকানো কোচ প্যাকো জেমেজ আফসোস করলেন বক্সে হ্যান্ডবলের কারণে খেয়ে বসা পেনাল্টির জন্য, ‘রিয়ালের মতো সেরা দলগুলোর বিপক্ষে শুধু লড়াই করাই যথেষ্ট নয়। আমি আমার দলের সমালোচনা তাই করব না। বরং প্রশংসাই করব। কমবেশি ম্যাচের নিয়ন্ত্রণ আমরা ধরে রেখেছিলাম। যখন নিজেদের সেরা খেলাটা খেলছিলাম, সেই সময়েই দ্বিতীয় গোলটি হজম করতে হয়েছে।’মরিনহোর এখন আফসোস হচ্ছে দুটো ম্যাচ হেরে যাওয়ায়, ‘অন্তত এ রকমও যদি খেলতে পারতাম, গেটাফে আর সেভিয়ার কাছে হারতে হতো না।’ আফসোস হওয়াই স্বাভাবিক। প্রথম চার ম্যাচে রিয়ালের দুটো হার; অথচ গত মৌসুমে পুরো লিগেই ৩৮ ম্যাচে তারা হেরেছিল দুটি! এএফপি, রয়টার্স।