রিয়ালের হাতে ভাগ্য সঁপল বার্সা
এই মৌসুমে বার্সা প্রতিপক্ষের মাঠে যাচ্ছেতাই। লা লিগায় এখন পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে ১৬টি পয়েন্ট খুইয়েছে বার্সাএকবার আকাশের দিকে তাকালেন। নির্লিপ্ত চাহনির মধ্যেই যেন মিশে থাকল অনুযোগ। কার উদ্দেশে? তাঁর প্রয়াত নানিকে, প্রতিটি গোল যাঁকে উৎসর্গ করেন।এদিন গোল উৎসর্গের সুযোগ হয়নি লিওনেল মেসির। বরং টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের আশা ওসাসুনার রেনো ডি নাভারা স্টেডিয়ামে সমাহিত করে ফিরল বার্সেলোনা। ম্যাচ শেষে মেসি, সানচেজ, ভালদেসদের মনে হচ্ছিল শবযাত্রার যাত্রী। ওসাসুনার কাছে ৩-২ গোলে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে যে তারা বুঝে গেছে, সব আশা শেষ!পেপ গার্দিওলা মনে হয় সেটা বুঝতে পেরেছিলেন ম্যাচের আগেই। দৃশ্যত মনে হয়েছে, লিগ শিরোপার আশা বার্সা কোচ ছেড়ে দিয়েছেন। বরং তিনি বেশি জোর দিচ্ছেন চ্যাম্পিয়নস লিগ আর স্প্যানিশ কাপ (কোপা ডেল রে) জেতার দিকে। সিনিয়রদের রাখছেন বিশ্রামে। আগামীকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচটির কথা মাথায় ছিল বলে পরশু যেমন মাঝমাঠের দুই কাণ্ডারি জাভি-ইনিয়েস্তাকে মাঠেই নামালেন না। পিকে-পুয়োল-পেদ্রোকে তুলে নিলেন প্রথমার্ধে শেষেই। অথচ বার্সা তখন ০-২ গোলে পিছিয়ে, দুটি গোলই করেছেন দেজান লেকিচ। প্রথম ৬০ মিনিট বার্সাকেও ঠিক বার্সা মনে হয়নি। পাসের মিহিন সেলাইয়ে আক্রমণ গড়াই তাদের দর্শন। সেই বার্সা দিয়ে গেল অসংখ্য ভুল পাস। গোলমুখে কয়েকটি আক্রমণও হলো, নির্বিষ। ৫১ মিনিটে সানচেজের গোলে খেলায় বার্সা ফিরেছিল ঠিকই, কিন্তু ভালদেসের শিশুতোষ একটা ভুলের মাশুল দিতে হলো। রাউল গার্সিয়া আবারও দুই গোলে এগিয়ে নিলেন দলকে।সব শেষ হয়ে যাচ্ছে, হারানোর কিছু নেই—এই মানসিকতাই হয়তো বার্সাকে জাগিয়ে দিল। শেষ ১৫ মিনিট তারা খেলল দুর্দান্ত। ৭৩ মিনিটে ক্রিস্টিয়ান তেল্লোর গোল আশা বাঁচিয়ে তুলল। কিন্তু শেষ পর্যন্ত নিরাশাই সঙ্গী। সানচেজের একটা গোল বাতিল করা হয়েছে। সেটা আদৌ অফসাইড ছিল না—এ নিয়ে বিতর্কই করা যায়; যে বিতর্ক শেষ পর্যন্ত অর্থহীন। এই মৌসুমে বার্সা প্রতিপক্ষের মাঠে যাচ্ছেতাই। লা লিগায় এখন পর্যন্ত অ্যাওয়ে ম্যাচে ১৬টি পয়েন্ট খুইয়েছে বার্সা। লিগ শিরোপা জেতার আশাটা এভাবেই খুন হয়ে গেছে। গতকাল রাতে লেভান্তের বিপক্ষে প্রত্যাশিত জয়টা পেলে রিয়াল এগিয়ে গেছে ১০ পয়েন্টে। তা-ই যদি হয়, রিয়াল তিনটা ম্যাচ হারলেও বার্সার চেয়ে এক পয়েন্ট বেশিই থাকবে হাতে। এখন পর্যন্ত লিগে মাত্র দুই ম্যাচ হারা রিয়াল আরও তিন ম্যাচ হারবে সেই নিশ্চয়তা বার্সাকে কে দেবে? আর বার্সাও যে তাদের বাকি ম্যাচগুলোয় খোঁড়াবে না, তারই বা গ্যারান্টিই কী!পরশু ম্যাচের আগে যে গার্দিওলা জোর গলায় বলেছিলেন, লিগ এখনো শেষ হয়ে যায়নি, সেই তিনিই ম্যাচ শেষে বললেন, তাদের ভাগ্য এখন রিয়ালের হাতে। এও বললেন, লিগ নয়, তাঁর চোখ এখন চ্যাম্পিয়নস লিগে, ‘লিগ শিরোপা জেতার আশা আছে কিনা? সত্যি বলছি, আমরা আগে চ্যাম্পিয়নস লিগই ধরে রাখার চেষ্টা করব। এর পরই লা লিগার প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।