রিয়ালের হার, বড় জয় বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্প্যানিশ লা লিগায় ভিন্ন রকম এক রাত কাটল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। লিওনেল মেসির জোড়া গোলে গতকাল শনিবার রাতে গেটাফের মাঠে গেটাফেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। অন্যদিকে সেভিয়ার কাছে ০-১ গোলে হেরে গেছে রিয়াল।লিগে এখন পর্যন্ত হারের মুখ দেখতে হয়নি বার্সাকে। চার ম্যাচে চারটিতেই জয়। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিওনেল মেসিরা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালাগার অর্জন বার্সার চেয়ে দুই পয়েন্ট কম।অন্যদিকে শিরোপার লড়াইয়ে বার্সার মূল প্রতিদ্বন্দ্বী রিয়ালের অবস্থান বলতে গেলে শোচনীয়। চার ম্যাচে অর্জন মাত্র চার পয়েন্ট। দুটিতে হার, একটিতে ড্র। ক্রিস্টিয়ানো রোনালদোরা জয় পেয়েছেন কেবল এক ম্যাচে। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখন পর্যন্ত আট পয়েন্ট পিছিয়ে হোসে মরিনহোর দল। পয়েন্ট তালিকায় গত মৌসুমের শিরোপাজয়ী রিয়ালের অবস্থান দশম।মেসির ফিটনেস নিয়ে কিছুটা সংশয় ছিল। এ কারণে আর্জেন্টাইন এই সুপাস্টারকে ম্যাচের শুরু থেকে খেলাননি বার্সা ম্যানেজার টিটো ভিলানোভা। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন মেসি। খেলেন মাত্র ৩০ মিনিট। এই অল্প সময়ে বার্সাকে দুটি গোল উপহার দেন তিনি। প্রথমটি করেন পেনাল্টি থেকে ৭৪ মিনিটে। এর চার মিনিট পর করেন আরেকটি। মেসি পুরো সময় মাঠে থাকলে গেটাফের হারের ব্যবধানটা হয়তো আরও বড় হতে পারত।এ ম্যাচে বার্সেলোনার হয়ে গোলের সূচনা করেছিলেন আদ্রিয়ানো। ৩২ মিনিটে করা ওই গোলের পর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। খেলার ৮০ মিনিটে একটি গোল শোধ করেন গেটাফের সারাবিয়া। কিন্তু অতিরিক্ত সময়ে বার্সাকে একটি গোল এনে দেন ডেভিড ভিয়া।সেভিয়ার বিপক্ষে ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই গোল খেয়ে বসে রিয়াল। মাত্র দুই মিনিটে গোল করে সেভিয়াকে এগিয়ে দেন পিওতোর ত্রোখস্কি। খেলার বাকি সময়ে গোলের দেখা পায়নি রিয়াল বা সেভিয়ার কেউই। এ ম্যাচে রিয়ালের আক্রমণভাগের প্রাণ-ভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন। কিন্তু নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন পর্তুগিজ এই উইঙ্গার। রয়টার্স।