রিয়ালের ১০ মিনিটের জাদু
সম্ভাবনার দুয়ার খুলে কোপা ডেল রের চার কোয়ার্টার ফাইনালের একটি কি ‘এল ক্লাসিকো’ই হবে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আরও সপ্তাহ খানেক। তবে সেই পথে অন্তত এক পা এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। সেটিও নাটকীয়ভাবে। পরশু রাতে মালাগার বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ৬৮ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে ছিল রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যে তিন গোল করে ঠিকই জিতেছে শেষ পর্যন্ত।রিয়ালকে অনুসরণ করে বার্সেলোনাও কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যেতে পেরেছে কি না, সেটাও এতক্ষণে চূড়ান্ত হয়ে গেছে। গতকাল রাতেই ন্যু ক্যাম্পে ওসাসুনার বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগ ম্যাচটি খেলে ফেলার কথা পেপ গার্দিওলার দলের।বার্নাব্যুতে স্বাগতিক সমর্থকদের হতভম্ব করে ৩০ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল মালাগা। বিরতির পর রিয়ালের ঘুরে দাঁড়ানোর রহস্য কোচ মরিনহোর এক জ্বালাময়ী বক্তৃতা। মরিনহো খেলোয়াড়দের কী বলেছেন, শুনুন তাঁর কণ্ঠেই, ‘বিরতির সময় আমি খেলোয়াড়দের বলেছি, পারলে ১১ জনকেই আমি পরিবর্তন করতাম। বিরতির আগেই পরিবর্তনের কথা বিবেচনা করেছিলাম। কিন্তু আমি তা পছন্দ করি না।’১১ জন তো আর সম্ভব নয়, তবে মরিনহো যতগুলো সম্ভব পরিবর্তন আনেন। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামান খেদিরা, ওজিল ও বেনজেমাকে। এঁদের মধ্যে খেদিরা ও বেনজেমা গোল করেছেন। রিয়ালের অন্য গোলটি হিগুয়েইনের। বাইসাইকেল কিকে ম্যাচের শেষ শটটিতে করা ক্রিস্টিয়ানো রোনালদোর গোলটি বাতিল হয়েছে অফসাইডের কারণে। এএফপি, রয়টার্স।