রিয়ালের ‘আটে’র অভিলাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৬তম মিনিটে আলভারো ভাসকুয়েজ যখন হেড করে বার্সেলোনার জালে বল জড়ালেন, উল্লাসে মাতোয়ারা পুরো এসপানিয়ল শিবিরের সঙ্গে হোসে মরিনহোও একাত্মতা প্রকাশ করেছিলেন কি না, কে জানে। এমনও তো হতে পারে, নিজের বাড়িতে টিভির সামনে বসে উদ্বাহু নৃত্যে মেতেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ। স্প্যানিশ ক্লাবটিতে দুই বছরের অভিজ্ঞতা থেকে মরিনহো জেনে গেছেন, এখানে একেকটি পয়েন্ট সোনার চেয়ে দামি। সেখানে ৫ পয়েন্টে এগিয়ে যাওয়া তো রীতিমতো হীরার খনি আবিষ্কারের উত্তেজনার সমান!সেই ‘পাঁচ’টাকেই আজ ‘আট’ বানিয়ে দিতে চায় রিয়াল। দুই দলের শক্তির ব্যবধান বলছে, পয়েন্ট টেবিলে ১৪ নম্বরে পড়ে থাকা মায়োর্কার তাদের সামনে বাধার দেয়াল তুলে দাঁড়ানোর সামর্থ্য নেই। হোক না খেলাটা মায়োর্কার মাঠেই। লিগেও তো গত ১২ ম্যাচে মাত্র ২ জয় মায়োর্কার। অঘটনের স্বপ্ন দেখাটা রীতিমতো দুঃসাহস।তা ছাড়া ১০ ডিসেম্বরের ‘এল ক্লাসিকো’ ধাক্কা রিয়াল ভালোই সামলে উঠেছে। লিগে পরের দুই ম্যাচেই করেছে ১১ গোল। উড়িয়ে দিয়েছে সেভিয়া আর গ্রেনাডাকে। ২০১২ সালটাও শুরু হয়েছে দারুণভাবে। তিন ম্যাচের প্রতিটিই জিতেছে রিয়াল। আজ মায়োর্কার বিপক্ষে জিততে পারলে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়া যাবে। আগামীকাল রিয়াল বেটিসের বিপক্ষে খেলতে নামা বার্সার ওপর চাপের বোঝাটা তাতে আরও বাড়বে।আগামী এপ্রিলের আগে লিগে ‘এল ক্লাসিকো’ নেই। এখন তাই লিগে রিয়াল-বার্সা দ্বৈরথটা হবে পয়েন্ট টেবিলে, মানসিক লড়াইয়ে। সেখানে ৮ পয়েন্টে এগিয়ে যাওয়া অনেক বড় সুবিধা। যদিও রিয়াল-অধিনায়ক ইকার ক্যাসিয়াস সতর্ক করে দিচ্ছেন সতীর্থদের, ‘বার্সেলোনাকে নিয়ে ভেবে ভেবে দিন পার করলে চলবে না। এখন আমাদের প্রথম কাজ হবে মায়োর্কার ম্যাচটি নিয়ে ভাবা। আমরা শীর্ষস্থানটি ধরে রাখতে চাই। লিগে পারফরম্যান্সও ধারাবাহিক করতে চাই। লিগে আমাদের প্রতি সপ্তাহেই খেলতে হয়। শুরুর দিকে লেভান্তে আর রেসিংয়ের বিপক্ষে আমাদের পা হড়কেছিল, যদিও আমরা দ্রুতই সেই ধাক্কা সামলে নিয়েছি। এখন দ্বিতীয় স্থানে থাকা দলটির চেয়ে এগিয়ে থাকার সুবিধা আমাদের তুলে নিতে হবে। অগুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পয়েন্ট হারালে চলবে না।’ক্যাসিয়াস চাইলে আরেকটি কথা মনে করিয়ে দিতে পারতেন। শক্তির ব্যবধানে দুই দলের মধ্যে অযুত-নিযুত ব্যবধান; তবে মায়োর্কা মানসিকভাবে দারুণ ফুরফুরে মেজাজেই আছে। গত মঙ্গলবারই কোপা ডেল রেতে রিয়াল সোসিয়েদাদকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এর মধ্যে সাত মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে তারা ঢুকিয়েছে চার গোলও।আজ টিভির সামনে পেপ গার্দিওলাও থাকবেন। উদ্বাহু নৃত্যের অপেক্ষায়! এএফপি।