রিয়ালের 'হোঁচট', শেষ ষোলোয় বায়ার্ন-সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেগ্রেদোর হ্যাটট্রিক। বড় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠে গেছে ম্যানচেস্টার সিটি। ছবি: রয়টার্স।
নেগ্রেদোর হ্যাটট্রিক। বড় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠে গেছে ম্যানচেস্টার সিটি। ছবি: রয়টার্স।

জুভেন্টাসের মাঠে আগের পাঁচ ম্যাচে হার। পরিসংখ্যান স্পষ্টতই কথা বলছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। গত রাতেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোরা। এবার অবশ্য হারতে হয়নি, রিয়ালের ভাগ্যে জুটেছে ২-২ গোলের ড্র।
জুভেন্টাসকে হারাতে পারলে কালই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠে যেত রিয়াল। নকআউট পর্বে ওঠার সম্ভাবনা এখনো আছে। একটু অপেক্ষা বাড়ল, এই যা। গত রাতেই অবশ্য শেষ ষোলোয় উঠে গেছে বায়ার্ন মিউনিখ। গত মাসে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ভিক্টোরিয়া প্লজেনকে ১-০ গোলে হারায় পেপ গার্দিওলার দল। নেগ্রেদোর হ্যাটট্রিকে সিএসকেএ মস্কোকে ৫-২ গোলে উড়িয়ে নকআউট পর্বে উঠে গেছে ম্যানচেস্টার সিটিও। অপর ম্যাচে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে গোলশূন্য ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড।

রিয়াল-জুভেন্টাস: ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন আরতুরো ভিদাল। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় রিয়ালকে। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে খেলতে থাকে নয়বারের চ্যাম্পিয়নরা। এর সুফলও মেলে। ৫২ মিনিটে ম্যাচে সমতা ফেরান রোনালদো। ৮ মিনিট পর রিয়ালকে এগিয়ে দেন গ্যারেথ বেল। বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকা হয়নি রিয়ালের। পাঁচ মিনিট পরই মার্টিন ক্যাসারেসের ক্রস থেকে গোল করে স্কোরলাইন ২-২ করে ফেলেন ফার্নান্দো লরেন্তে।

বায়ার্ন-প্লজেন: মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা বায়ার্নের খেলোয়াড়েরা গত রাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি। ব্যবধান বড় না হোক, শেষ পর্যন্ত জয় এসেছে, স্বস্তি এটাই। ম্যাচের একমাত্র গোলটি করেন মারিও মানদুজিক, ৬৫ মিনিটে। প্লজেনকে হারানোর মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার গড়া টানা নয় ম্যাচ জেতার রেকর্ড স্পর্শ করেছে বায়ার্ন। পেপ গার্দিওলার অধীনেই রেকর্ডটি গড়েছিল বার্সেলোনা।

ম্যানচেস্টার সিটি-সিএসকেএ: সার্জিও অ্যাগুয়েরো ও নেগ্রেদো মিলে পিষে ফেলেন সিএসকেএ মস্কোকে। তিন মিনিট যেতে না যেতেই এগিয়ে যায় সিটি। পেনাল্টি থেকে গোল করেন অ্যাগুয়েরো। ২১ মিনিটে হওয়া দ্বিতীয় গোলটিও তাঁর। নয় মিনিট পর স্কোরলাইন ৩-০ করে ফেলেন নেগ্রেদা। প্রথমার্ধে যোগ করা সময়ের প্রথম মিনিটে একটি গোল শোধ করেন সেইডু ডুম্বিয়া। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটের মাথায় আবার সিএসকেএর জালে আঘাত হানেন নেগ্রেদো। সিটি এগিয়ে যায় ৪-১ গোলে। ৭১ মিনিটে আরেকটি গোল শোধ করেন ডুম্বিয়া। এরপর গোলের দেখা মিলছিল না। মনে হচ্ছিল, ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে চলেছে সিটি। তবে খেলার একেবারের অন্তিম মুহূর্তে ব্যবধানটা বাড়িয়ে নেন নেগ্রেদো, পূর্ণ করেন হ্যাটট্রিক। সূত্র: রয়টার্স।