রিয়েলিটি শো উপস্থাপনায় ম্যারাডোনা

দুবাইকে নিজের বাড়িই যেন বানিয়ে ফেলেছেন ডিয়েগো ম্যারাডোনা। ২০১১ সালে আল ওয়াসল ক্লাবের কোচ হিসেবে পা রেখেছিলেন আরব আমিরাতে। পরের বছর কোচের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরও আরব বিশ্বের সঙ্গে সম্পর্কে ছেদ পড়েনি এই আর্জেন্টাইন কিংবদন্তির। দুবাই স্পোর্টস কাউন্সিলের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন তো করছেনই, এখন নতুন করে দুবাইয়ের একটা রিয়েলিটি শোর উপস্থাপক হিসেবেও হাজির হবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক এই অধিনায়ক।
দুবাই টিভিতে আগামী মার্চ থেকে শুরু হবে ম্যারাডোনার এই রিয়েলিটি শো। ‘দ্য ভিক্টোরিয়াস’ নামের অনুষ্ঠানটি থেকে খুঁজে বের করা হবে আরব বিশ্বের উদীয়মান ফুটবলারদের। রিয়েলিটি শোর চূড়ান্ত বিজয়ী একজন ফুটবলার পাবেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে গিয়ে পেশাদারি ক্যারিয়ার গড়ার সুযোগ।
আরব বিশ্বের ১৬টি দেশের আগ্রহী ফুটবলাররা পাবেন এই রিয়েলিটি শোতে অংশগ্রহণের সুযোগ। বিস্তর যাচাইবাছাইয়ের পর চূড়ান্ত ২২ জন প্রতিযোগী নিয়ে শুরু হবে অনুষ্ঠানটির অন্তিম পর্ব।
ফুটবল-ভিত্তিক এই রিয়েলিটি শোর মূল ধারণাটি এসেছে লিবিয়ার সাবেক ফুটবলার জেহাদ মুনতাসিরের কাছ থেকে। নব্বইয়ের দশকের শেষের দিকে তিনি এক বছর খেলেছিলেন আর্সেনালের হয়ে। এরপর টানা আটটি বছর খেলেছেন ইতালিয়ান লিগে। লিবিয়ান এই ফুটবলারই অনুষ্ঠানটির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ম্যারাডোনার কাছে। প্রাথমিক কথাবার্তার পরই নাকি চট করে রাজি হয়ে গিয়েছিলেন ম্যারাডোনা।
শুধু ম্যারাডোনাই না, ব্যতিক্রমী এই রিয়েলিটি শোতে দেখা যাবে ইতালির সাবেক ডিফেন্ডার আলেসান্দ্রো নেস্তা, ব্রাজিলের সাবেক তারকা রবার্তো কার্লোস, পর্তুগিজ তারকা রাউলসহ আরও অনেককে।