রুটকে মেরে দলের বাইরে ওয়ার্নার!
অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হচ্ছে তাঁকে। গত বছর মাইকেল ক্লার্কের ডেপুটিও ছিলেন কিছুদিন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি যা, তাতে ডেভিড ওয়ার্নারের দলে টেকাই মুশকিল! টুইটারে অস্ট্রেলিয়ার দুই খ্যাতিমান সাংবাদিককে আক্রমণ করে জরিমানা গুনেছেন কদিন আগে। এবার অভিযোগ, ইংল্যান্ডের এক ক্রিকেটারকে শারীরিক আক্রমণের! নিশ্চিত নয়, তবে শোনা যাচ্ছে ক্রিকেটারটি জো রুট। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওয়ার্নারকে খেলার বাইরে রাখা হবে। এ জন্যই তাঁকে কাল রাখা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে। ঘটনার বিস্তারিত জানা যায়নি। তবে ঘটনাটি ঘটেছে রোববার ভোরে, বার্মিংহামের একটি পানশালায়। শনিবার চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। গত কদিনে ঘটনাটি চেপে রাখা হয়েছিল। কিন্তু নিউজিল্যান্ড ম্যাচে যেহেতু খেলানো হচ্ছে না ওয়ার্নারকে, ম্যাচের আগেই তাই আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া, ‘বোর্ডে আচরণবিধি ভঙ্গের অভিযোগে ডেভিড ওয়ার্নারকে চ্যাম্পিয়নস ট্রফির নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের এক ক্রিকেটারের সঙ্গে শারীরিক বিবাদে জড়িয়ে পড়ায় আচরণবিধির ৬ ধারায় অনাকাঙ্ক্ষিত ব্যবহারের অভিযোগ অভিযুক্ত হয়েছে ওয়ার্নার। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত টিম ম্যানেজমেন্ট ওয়ার্নারকে সরিয়ে নিয়েছে, এ জন্যই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সে থাকছে না।’ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক বিবৃতিও নিশ্চিত করেছে ওয়ার্নারের এ ঘটনা, ‘আজ (কাল) সকালে ক্রিকেট অস্ট্রেলিয়ার বিবৃতি দেওয়ার পর পর ইসিবিও নিশ্চিত করছে, বার্মিংহামের একটি পানশালায় ডেভিড ওয়ার্নার বিনা উসকানিতে ইংল্যান্ড ক্রিকেট দলের একজনকে শারীরিক আক্রমণ করেছেন। ওয়ার্নার পরে নিজের দোষ স্বীকার করে ওই ক্রিকেটারের কাছে ক্ষমা চেয়েছেন, ওই ক্রিকেটারও ক্ষমা করে দিয়েছেন। পূর্ণ তদন্তের পর ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, আক্রমণের ঘটনায় ইংলিশ ক্রিকেটারটির কোনো দায় ছিল না।’ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত কবে শেষ হবে, সে সম্পর্কে নিশ্চিত কিছু জানানো হয়নি। তবে খুব দ্রুতই না হওয়ার কারণ নেই। দুই বোর্ডের বিবৃতিই ঘটনাটিকে সত্য বলে নিশ্চিত করেছে। এখন জানার আছে, ঘটনাটি আসলে কত বড়। ওয়ার্নারের ভাগ্যও নির্ভর করছে এর ওপর। গুরুতর কিছু হলে দেশেও ফেরত পাঠানো হতে পারে ওয়ার্নারকে। সে ক্ষেত্রে অনিশ্চিত হয়ে পড়বে তাঁর অ্যাশেজ-ভাগ্যও। আত্মবিধ্বংসী সব কাজ করে এমনিতেই আলোচনায় আছেন বেশ কিছুদিন। টুইটার-কাণ্ডে জরিমানা গুনেছেন ৫৬০০ মার্কিন ডলার। ব্যাট হাতে রান নেই একদমই। তারপর এই কাণ্ড। সব মিলিয়ে ওয়ার্নারের এখন ভীষণ দুঃসময়। এএফপি, ওয়েবসাইট।