টানা দুই ম্যাচ জয়ের সর্বশেষ স্মৃতিটা ছয় মাস আগের। অ্যান্টিগাতে আবার সেটির পুনরাবৃত্তি করে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল ২-১ ব্যবধানে। পরশু শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২৫ রানে হারিয়েছে স্টুয়ার্ট ব্রডের ইংল্যান্ড।
টসে হেরে ব্যাট করতে নেমে ৩৭ রানেই ইংল্যান্ড হারিয়ে ফেলে মাইকেল লাম্ব ও বেন স্টোকসকে। এরপর ২৪ ওভারের মধ্যে (দলীয় ১১৬ রানে) মঈন আলী ও এউইন মরগানও যান ফিরে। কিন্তু ভাঙা আঙুল নিয়েও দলকে পথ দেখিয়েছেন জো রুট। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন জস বাটলার। দুজনে যোগ করেছেন ১৭৫ রান, পঞ্চম উইকেটে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ। বাটলার (৯৯) মাত্র ১ রানের জন্য সেঞ্চুরিটা মিস করলেও ম্যাচ ও সিরিজ-সেরা রুট (১০৭) সেটা ঠিকই পেয়েছেন। ইংল্যান্ড তাই ওয়েস্ট ইন্ডিজকে দিতে পারে ৩০৪ রানের লক্ষ্য।
ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই হাঁটতে শুরু করে উল্টো পথে। ৮০ রানে নেই প্রথম পাঁচ ব্যাটসম্যান। এরপর শুরু ‘দিনেশ রামদিন শো’। প্রথমে ব্রাভো, পরে সামিকে নিয়ে দলকে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছেন আপ্রাণ। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে যখন আউট হলেন, রামদিনের নামের পাশে ১২৮ রান (১০৯ বলে, ১২ চার, ৫ ছয়)। ক্যারিবীয় কোনো উইকেটকিপারের এটাই প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি। ওয়েবসাইট।