রুডিশার গ্লাসগো-হতাশা
কমনওয়েলথ গেমস অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী ডেভিড রুডিশাকে উপহার দিল হতাশা। পরশু কেনিয়ার এই দৌড়বিদকে হারিয়ে ৮০০ মিটারে সোনা জিতেছেন বতসোয়ানার নাইজেল অ্যামোস। নিয়েছেন প্রতিশোধও।
২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিলেন রুডিশা, রুপা জিতেছিলেন অ্যামোস। এবার বতসোয়ানার ২০ বছর বয়সী তরুণ অ্যামোস জিতছেন সোনা, রুডিশা রুপা। অ্যামোস সময় নিয়েছেন ১ মিনিট ৪৫.১৮ সেকেন্ড, রুডিশা ১ মিনিট ৪৫.৪৮ সেকেন্ড।
অ্যামোসের চেয়েও ব্লেসিং ওকাগবারের হাসিটা আরও চওড়া। নাইজেরিয়ার ২৫ বছর বয়সী মেয়ে যে ১০০ মিটারের পর পরশু ২০০ মিটারেও সোনা জিতেছেন (২২.২৫ সেকেন্ড)। উসাইন বোল্টের অনুপস্থিতিতেও ছেলেদের ১০০ ও ২০০ মিটারে সোনা জ্যামাইকারই। কেমার বেইলি-কোল ১০০ মিটারে সোনা জিতেছেন আগেই। পরশু ২০০ মিটারে জ্যামাইকাকে সোনা জিতিয়েছেন রাশেদ ডয়ার (২০.১৪ সেকেন্ড)। ২০০ মিটারে রুপা এবং ব্রোঞ্জও জ্যামাইকার। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪টি সোনা জিতে পদক তালিকায় সবার ওপরে ইংল্যান্ড। ১৮টি সোনা জিতে দুইয়ে অস্ট্রেলিয়া, তিনে কানাডা (১২টি সোনা), চারে স্বাগতিক স্কটল্যান্ড (১১টি সোনা), পাঁচে ভারত (৮টি সোনা)। এএফপি।