রুথি বোল্টনের জীবনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুথি বোল্টন
রুথি বোল্টন

লিওনেল মেসি বাংলাদেশে এসেছিলেন বছর পাঁচেক আগে। জিনেদিন জিদান আরও আগে। বিশ্ব ক্রীড়াঙ্গনের এই দুই বড় তারকার আগমন রোমাঞ্চ ছড়িয়েছিল গোটা দেশে। লোকে লোকারণ্য হয়েছিল স্টেডিয়াম। রাস্তার দুই পাশে মানুষ জড়ো হয়েছিল এই দুই তারকাকে এক নজর দেখার জন্য।
রুথি বোল্টনের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় হয়নি, চারদিকে হইচইও পড়ে যায়নি। অনেকটা নীরবে-নিভৃতেই বাংলাদেশের মাটিতে পদার্পণ তাঁর। অথচ বোল্টন কিন্তু ক্রীড়াকাশের অনেক বড় এক তারকা। অন্তত বাস্কেটবল নামের খেলাটিতে এই নারীর ঔজ্জ্বল্য রীতিমতো নক্ষত্রের মতো। যুক্তরাষ্ট্রের হয়ে দুবার অলিম্পিকে সোনা জিতেছেন। নারী বাস্কেটবলের ‘হল অব ফেমে’ চারবার নাম তুলেছেন। বিশ্বের অন্যতম সেরা যুক্তরাষ্ট্র নারী বাস্কেটবল দলে খেলেছেন ১০ বছর। উইমেনস ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের হয়ে (ডব্লুএনবিএ) তাঁর পেশাদার ক্যারিয়ার দীর্ঘ ১৭ বছরের। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিখ্যাত ক্রীড়া সাময়িকী স্পোর্টস ইলাস্ট্রেটেড-এ বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন, যুক্তরাষ্ট্রেরও বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন। তাঁর ক্যারিয়ারের অর্জনগুলোকে এক করে দেখলে তাঁকে বিশ্ব ক্রীড়ারই অন্যতম সফল নারী ক্রীড়াবিদ বলতে হয়।
এ দেশের খেলাধুলায় বাস্কেটবলের গণ্ডিটা খুব ছোট। তবে এই ছোট পরিসরেই বোল্টনকে দেখে রোমাঞ্চিত অনেকেই। বিশেষ করে যাঁরা বাস্কেটবল খেলেন, কিংবা খেলাটির একটু খোঁজখবর রাখার চেষ্টা করেন। দেশের অনেক স্কুলেই ছেলেমেয়েরা বাস্কেটবল চর্চা করে। বোল্টনকে এত কাছে দেখতে পেয়ে সেই ছেলেমেয়েরা আপ্লুতই। গতকাল বারিধারার আমেরিকান সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তো বাস্কেটবলপ্রেমী এক কলেজছাত্রী বলেই ফেলেন, ‘রুথি আপনাকে এত কাছ থেকে দেখছি, এটা নিজেই বিশ্বাস করতে পারছি না!’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের স্পোর্টস ফর ইউনাইটেড কর্মসূচিই তাঁকে টেনে এনেছে বাংলাদেশে। কাজে নেমে পড়েছেন তিনি কাল থেকেই। ঢাকায় থাকবেন আরও দুই দিন। এর মধ্যে বাংলাদেশে বাস্কেটবলের প্রসারে বেশ কয়েকটি কর্মশালা পরিচালনা করবেন। খেলাটিকে যাঁরা ভালোবাসেন, তাদের সঙ্গে বিনিময় করবেন নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা।
আমেরিকান সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি বললেন, বাংলাদেশে তাঁর এ সফরের ক্যানভাসটা অনেক বিস্তৃত। শুধু বাস্কেটবল প্রশিক্ষণই নয়, বেশ কয়েকজনের মধ্যে নতুন চ্যালেঞ্জ নেওয়ার অধ্যবসায়ের আকাঙ্ক্ষা, ভাবনা ও মনোভাবের চিরস্থায়ী বীজ বুনে দেওয়াও তাঁর উদ্দেশ্য।
রুথি বোল্টনকে তাঁর খেলোয়াড়ি দক্ষতার কারণে ‘মাইটি রুথি’ নামে ডাকা হয় যুক্তরাষ্ট্রে। এই ডাকনামের উদাহরণ টেনে বোল্টন বললেন, ‘আমি দুবার অলিম্পিকে সোনা জিতেছি। চারবার নারী বাস্কেটবলের হল অব ফেমে জায়গা পেয়েছি। কিন্তু এ জন্য আমাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। অনেক বাধাবিপত্তি সামলাতে হয়েছে। আমি চ্যালেঞ্জ জিতেই এই পর্যায়ে এসেছি। আমি এখানে বাস্কেটবল প্রশিক্ষণ কর্মশালায় আমার জীবনের গল্পটাই বলতে চাই।’
বোল্টনের জীবনের গল্পটা অনেক প্রেরণাদায়ী। ছোটবেলায় স্বপ্ন দেখতেন একদিন বাস্কেটবল খেলবেন। কিন্তু ছোটবেলাতেই তাঁকে অহরহ শুনতে হয়, বাস্কেটবলের প্রতিভা তাঁর নেই! এটিই তাঁর জেদ বাড়িয়ে দেয়, স্বপ্নটাকে সত্যি করতে তিনি পুরোপুরি উৎসর্গ করেন নিজেকে। অক্লান্ত পরিশ্রম করে গেছেন। প্রতিদিন নিজেকে সাজিয়েছেন প্রতিজ্ঞায়। বাকিটা তো ইতিহাস।
রুথি বোল্টন এখানেই বাস্কেটবলের সীমানা ছাড়িয়ে উঠে দাঁড়ান অনেক উঁচুতে। যেখান থেকে জীবন জয়ের সুবাসই ছড়িয়ে পড়ে পৃথিবীতে।