রুদ্ধ শহরে ব্যাডমিন্টন-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের প্রধান ফটকে একদল পুলিশ। ভেতরের দুই দিকের প্রবেশমুখেই র‌্যাবের সশস্ত্র পাহারা। গ্যালারিতে দর্শক বলতে শুধুই খেলোয়াড়, কমর্কতা। ঢাকায় কাল থেকে শুরু হওয়া ইউনেক্স-সানরাইজ আন্তর্জাতিক ব্যাডমিন্টন রং হারিয়েছে চলমান রাজনৈতিক অস্থিরতায়।
দুই বছর আগে এই টুর্নামেন্টের প্রথম আসরটিও হয়েছিল ঢাকায়। এমন আসরে ব্যক্তিগত র‌্যাঙ্কিং বাড়িয়ে নেওয়াই থাকে শাটলারদের প্রধান লক্ষ্য। এ জন্য বিভিন্ন দেশে বছরে ১৫-১৬টি টুর্নামেন্টে অংশ নিয়ে থাকেন খেলোয়াড়েরা। আগেরবারের তুলনায় এবার বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ওপরের সারির খেলোয়াড় বেশি এসেছেন ঢাকায়। টুর্নামেন্টের শীর্ষ বাছাই চীনা তাইপের সু জেন হাও এদেরই একজন। র‌্যাঙ্কিংয়ের ৩১তম খেলোয়াড়ের চোখ শিরোপায়, ‘আমি এখানে জিততেই এসেছি।’ ভারতের ব্যাডমিন্টন লিগের মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন প্রযুক্তা সাওয়ান্তও আত্মবিশ্বাসী, ‘আমি এই টুর্নামেন্টের জন্য আলাদাভাবে অনুশীলন করিনি। জাতীয় দলের ক্যাম্পে ছিলাম, সেখান থেকেই চলে এসেছি। লিগে ভালো খেলেছি। আশা করছি চ্যাম্পিয়ন হতে পারব।’ টুর্নামেন্টে আরও আছেন ভারতের শুভঙ্কর দে, মালয়েশিয়ার জনার্দন কৃষ্ণানদের মতো শাটলাররা।
স্বাগতিকদের অংশ নেওয়াটাই বড় কথা। মালয়েশিয়ার কোচ ফারজাদ শাহর অধীনে এক মাসের অনুশীলন করেছেন এনামুল হক, রইচ উদ্দিন, আইমান ইবনে জামান, শাপলা আক্তাররা। কাল পুরুষ এককের প্রথম রাউন্ডে বাংলাদেশের সেরা খেলোয়াড়েরা নামের প্রতি মোটেই সুবিচার করতে পারেননি। জাতীয় চ্যাম্পিয়ন এনামুল হক হেরেছেন ভারতের অরুণ কুমারের কাছে। বাংলাদেশ গেমসে সোনাজয়ী আইমানকে হারিয়েছেন শ্রীলঙ্কার দিনুকা করুনারত্নে। তবে জয় পেয়েছেন লালচাঁদ ও রইচ উদ্দিন। লালচাঁদ নিউজিল্যান্ডের শেন থমাসকে এবং রইচ মালয়েশিয়ার জিন ইয়েকে হারিয়েছেন।