রুদ্ধশ্বাস জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্য মাত্র ১৩৯ রান। মামুলি এই লক্ষ্য ছুঁতে গিয়েই পরশু কার্ডিফে গলদঘর্ম নিউজিল্যান্ড। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য শেষ পর্যন্ত হেসেছে নিউজিল্যান্ডের মুখ চেয়ে, দলটি জিতেছে মাত্র ১ উইকেটে। এর চেয়েও কম রান তাড়া করতে গিয়ে ৯ উইকেট হারিয়ে জয়ের দুটি উদাহরণ আছে ওয়ানডেতে। ১৯৮২ সালে ব্রিসবেনে বিশ্ব সিরিজ কাপে ১০৭ রানের লক্ষ্য ছুঁয়ে জয় পাওয়া ওয়েস্ট ইন্ডিজ নবম উইকেটটি হারিয়েছিল ১০৫ রানে। প্রতিপক্ষ পাকিস্তান অবশ্য করেছিল ১৭৭। ঝড়ে ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়াতেই লক্ষ্যটা ছোট হয়ে যায়। এরপর ২০০০ সালে বুলাওয়েতে জিম্বাবুয়েকে ১৩১ রানে অলআউট করার পর ১২৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেললেও শেষ পর্যন্ত জিতেছিল ইংল্যান্ড।