রুদ্ধশ্বাস দ্বিতীয় রাউন্ডের পর
স্টেডিয়াম নির্মাণকাজের ধীরগতি নিয়ে ফিফা এমনকি খোদ ব্রাজিলিয়ানরাই ছিলেন ক্ষুব্ধ। এরই মধ্যে প্রেসিডেন্ট দিলমা রুসেফ ঘোষণা করলেন, ‘ফুটবলের দেশ ব্রাজিল ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দিয়ে প্রমাণ করবে ব্রাজিলিয়ানরা ফুটবলকে কতটা ভালোবাসে।’ সেটা সেই গত বছরের নভেম্বরের কথা। কিন্তু ১২ জুন বিশ্বকাপের উদ্বোধনী দিনের আগ পর্যন্তও রুসেফের সেই প্রতিজ্ঞাকে যেন ব্যঙ্গ করছিল একের পর এক নেতিবাচক খবর!
কিন্তু জিকো-রোনালদোদের আশাবাদকে সত্য প্রমাণ করে খেলা মাঠে গড়াতেই বাইরের সব নেতিবাচক খবর, বিক্ষোভ-প্রতিবাদ যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছে। সব ক্ষোভ-দুঃখ ভুলে ব্রাজিলিয়ানরা তো বটেই, পুরো বিশ্বই বিশ্বকাপ রোমাঞ্চে বুঁদ। আয়োজনের দিক থেকে ব্রাজিল বিশ্বকাপ সত্যিই ইতিহাসের সেরার মর্যাদা পাবে কি না, সেটা বলবে সময়। তবে মাঠের খেলায় ব্রাজিল বিশ্বকাপ এরই মধ্যে সেরার স্বীকৃতি আদায়ের কাছাকাছি চলে গেছে। এত জমাট প্রতিদ্বন্দ্বিতা আগের কোন বিশ্বকাপে হয়েছে!
গ্রুপপর্ব ছিল গোলবন্যা, অঘটন আর চমকের। গ্রুপপর্ব থেকেই তিন বিশ্ব চ্যাম্পিয়নের বিদায় এর আগে কখনোই দেখেনি বিশ্বকাপ। স্পেন, ইতালি, ইংল্যান্ড—তিন বিশ্ব চ্যাম্পিয়নের গ্রুপপর্ব থেকেই বিদায়ে তাই ব্রাজিল বিশ্বকাপের গায়ে অঘটনের বিশ্বকাপ খেতাবই লাগতে বসেছিল। কিন্তু দ্বিতীয় রাউন্ড শেষে অঘটনের বিশ্বকাপ বলার উপায় নেই!
গ্রুপপর্বের চিত্র দ্বিতীয় রাউন্ডেও অঘটনের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছিল। বোদ্ধারাও তেমনটা বলছিলেন। কিন্তু বাস্তবতা হলো, বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম আট গ্রুপের আট গ্রুপ চ্যাম্পিয়ন শেষ আটে! মানে ২৪ দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পরও আপনাকে বলতেই হচ্ছে, টুর্নামেন্টের সেরা আটটি দলই উঠেছে সেরা আটের লড়াইয়ে। তবে সেরাদের সেরা প্রমাণের পথটা ছিল কঠিন। একমাত্র কলম্বিয়া ছাড়া বাকি সাতটি দলকেই দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে চোখের জল নাকের জল এক করতে হয়েছে। কেউ কেউ উতরে গেছে ভাগ্যের জোরে।
নকআউট পর্বটা ক্ষমাহীন পর্ব। একটা ভুলই বাড়ি পাঠাতে পারে। প্রতিটা দলই তাই ‘কোনো ভুল করা যাবে না, গোল খাওয়া যাবে না’ মন্ত্রে কতটা উজ্জীবিত ছিল সেটা বোঝা যায় একটা তথ্যেই। দ্বিতীয় রাউন্ডের আট ম্যাচে প্রথমার্ধে গোল হয়েছে মাত্র তিনটি! সেই তিনটিই ব্রাজিল-চিলি আর কলম্বিয়া-উরুগুয়ের মধ্যকার প্রথম দুই ম্যাচে। পরের ছয়টি ম্যাচে প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি বা খায়নি। ফল আট ম্যাচের পাঁচটিই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। যা বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় রাউন্ডে সর্বাধিক সংখ্যক ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর রেকর্ড। দ্বিতীয় রাউন্ডে সর্বোচ্চ চারটি ম্যাচ অতিরিক্ত সময়ে যায় ১৯৯০ বিশ্বকাপে।
এবারের পাঁচ ম্যাচের দুটি আবার দেখেছে টাইব্রেকার-নাটক। বাকি তিন ম্যাচেই নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য। জার্মানি, আর্জেন্টিনা, বেলজিয়াম—তিন দলই জিতেছে অতিরিক্ত সময়ের গোলে। হল্যান্ড-ফ্রান্স নির্ধারিত সময়ে জিতলেও তাদের সেই জয়ও এসেছে শেষ মুহূর্তের গোলে। প্রায় সবাইকে সংগ্রাম করতে হয়েছে বলেই ব্রাজিল বিশ্বকাপটা আলাদা জায়গা পাবে। নয়তো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড সব সময়ই অগ্নিপরীক্ষার মঞ্চ হয়েই থেকেছে। সর্বশেষ সাতটি বিশ্বকাপেই যেমন চ্যাম্পিয়ন হওয়া দলগুলোর মধ্যে একমাত্র ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে এক গোলের বেশি ব্যবধানে জিতেছে—২০০২ বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়েছিল ২-০ গোলে। ২০১০ বিশ্বকাপে স্পেন ১-০ গোলে পর্তুগালকে, ২০০৬ বিশ্বকাপে ইতালি ১-০ গোলে অস্ট্রেলিয়াকে, ২০০২ বিশ্বকাপে ব্রাজিল ২-০ গোলে বেলজিয়ামকে, ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্স ১-০ গোলে প্যারাগুয়েকে, ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিল ১-০ গোলে যুক্তরাষ্ট্রকে, ১৯৯০ বিশ্বকাপে জার্মানি ২-১ গোলে হল্যান্ডকে, ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল উরুগুয়েকে। কলম্বিয়া-ফ্রান্স বাদে এবারও যারাই জিতুক, ধারাটা অব্যাহতই থাকবে।