রুদ্ধশ্বাস মৌসুম দেখছেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ ঘটনাটা মাত্রই দুই মৌসুম আগের। সামনে বড়দিন, চারদিকের বাতাসেই উৎসবের আমেজ। ইংলিশ প্রিমিয়ার লিগে লড়াইটা বেশ জমে উঠেছে। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত শিরোপা নির্ধারিত হলো ঘটনাবহুল শেষ দিনে, আসলে একেবারে শেষ মুহূর্তে। সার্জিও আগুয়েরোর এক নাটকীয় গোলে ৪৪ বছর পর শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি।
দুই বছর পর আবার সেই ডিসেম্বর। আর্সেনাল (৩৫ পয়েন্ট) এখনো শীর্ষে বটে, তবে লিভারপুল-চেলসি নিঃশ্বাস-দূরত্বে। কাল টটেনহামকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দুইয়ে উঠে এসেছে লিভারপুল (৩৩)। জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ। কালই অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ দল আর্সেনালের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আটে ইউনাইটেড। সব মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেকটি দুর্দান্ত মৌসুমই যেন দেখতে পাচ্ছে সবাই।
কাল যেমন আরেক দফা এদিক-সেদিক হয়ে গেল পয়েন্ট তালিকায়। পরশু আর্সেনালকে ৬-৩ গোলে হারানো সিটি নেমে গেছে চারে, ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারানো চেলসি তিনে। সামনে নিশ্চিতভাবেই আরও অনেকবার ওলটপালট হবে অবস্থানের। হোসে মরিনহো আরেকটি রুদ্ধশ্বাস মৌসুম এখনই দেখে ফেলেছেন দিব্যদৃষ্টিতে, ‘আমি মনে করি, এই লিগে ডিসেম্বরে, এমনকি জানুয়ারির শেষে গিয়েও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। আমার বিশ্বাস, একদম শেষে গিয়েও শিরোপা লড়াইটা উন্মুক্ত থাকবে। এবার প্রতিটি ম্যাচই অনেক বেশি কঠিন হচ্ছে। যেভাবে ব্যবধান কমছে ও বাড়ছে, তাতে সেটা আরও কঠিন হবে।’
চেলসির পরের ম্যাচটাই আর্সেনালের সঙ্গে। মরিনহো মনে করেন না এটা শিরোপাযুদ্ধে বড় কোনো ভূমিকা রাখবে, ‘অবশ্যই আমরা আর্সেনালকে হারিয়ে লিগের শীর্ষে উঠতে চাইব। কিন্তু আমার মনে হয় না এটা খুব বেশি গুরুত্বপূর্ণ।’
মরিনহো অবশ্য অনেক বেশি দূর চিন্তা করে ফেলেছেন। তবে ম্যানচেস্টার সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি অত দূর ভাবছেন না, ‘আর্সেনালের সঙ্গে ৬ গোল দেওয়া মোটেই সহজ নয়। সবচেয়ে ভালো রক্ষণ ওদের। সবচেয়ে ভালো দলও ওরা। আমরা এখন ৩ পয়েন্ট পেছনে আছি। আমাদের অনেক উন্নতি করার আছে এখনো।’ এ নিয়ে নিজেদের মাঠে গত ৬ ম্যাচে ৩১ গোল দিল সিটি। কিন্তু তাদের রক্ষণভাগটা এখনো প্রশ্নবিদ্ধ থেকে গেল। নিজেদের মাঠেও খেতে হলো তিন গোল! এএফপি।
তবে আর্সেন ওয়েঙ্গারকে এখন মাথা ঘামাতে হচ্ছে মাঠের বাইরের ঝামেলা নিয়ে। সিটির সঙ্গে মাঠেই আপত্তিকর ইঙ্গিত করেছিলেন আর্সেনাল মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার। রেফারির চোখ এড়িয়ে গেলেও এফএ সেটা তদন্ত করতে পারে। দুই মৌসুম আগে একই রকম আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিভারপুলের উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।