রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে ফেদেরার
তাঁর ভাঁড়ারে ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপা। আছে একটি অলিম্পিকের সোনার পদক। কিন্তু গত বেইজিং অলিম্পিকের দ্বৈতে জেতা ওই পদক নয়, রজার ফেদেরারের কাছে পরম আরাধ্য এককের সোনা। সেই অধরা ‘গোল্ডেন স্লাম’ থেকে এখন মাত্র এক পা দূরে দাঁড়িয়ে। কাল মহাকাব্যিক এক ম্যাচ জিতেই উঠলেন ফাইনালে। রুদ্ধশ্বাস সেমিফাইনাল শেষে বললেন, ‘সুইজারল্যান্ডের জন্য আমার প্রথম সোনার পদকটি জিততে চাই।’ শুধু রুদ্ধশ্বাসই নয়, যেন চরম ধৈর্যেরও এক পরীক্ষা নিল ম্যাচটি। হয়েছে অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের ম্যাচের রেকর্ড। উন্মুক্ত যুগে এককের তিন সেটের সবচেয়ে লম্বা ম্যাচও এটি। চার ঘণ্টা ২৬ মিনিটের ম্যারাথন সেমিফাইনালে শেষ পর্যন্তু হেরেছেন হুয়ান মার্টিন দেল পোত্রো, তবে ঘাম ঝরিয়ে ছেড়েছেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকাকে। আর্জেন্টাইন পোত্রো হেরেছেন ৩-৬, ৭-৬ (৭/৫), ১৯-১৭ গেমে। অলিম্পিকের নিয়ম অনুসারে, সেমিফাইনাল পর্যন্ত খেলতে হয় তিন সেটের ম্যাচ। সেই নিয়মের গ্যাঁড়াকলে পড়েই শেষ সেটটি হয়েছে ৩৬ গেমে। একসময় তো মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরেই চলবে খেলা। একবার ফেদেরার জেতেন তো পরের গেম জেতেন পোত্রো। আগামীকাল ফাইনালে ফেদেরার মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ বা অ্যান্ডি মারের বিপক্ষে।কাল মেয়েদের সেমিফাইনালে মারিয়া কিরিলেঙ্কোকে ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন মারিয়া শারাপোভা। রাশিয়ান তরুণী প্রথমবারের মতো উঠেছেন অলিম্পিকের ফাইনালে। সোনার লড়াইয়ে তাঁর মুখোমুখি সেরেনা উইলিয়ামস। অন্য সেমিফাইনালে সেরেনা ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। এএফপি।