রুদ্ধশ্বাস ম্যাচে আলোচনায় রেফারিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ শেষে ক্ষুব্ধ মোহামেডান সমর্থকেরা চড়াও হলেন রেফারি আবদুল হান্নানের ওপর। তাঁকে রক্ষা করতে এগিয়ে আসতে হলো পুলিশকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রথম আলো
ম্যাচ শেষে ক্ষুব্ধ মোহামেডান সমর্থকেরা চড়াও হলেন রেফারি আবদুল হান্নানের ওপর। তাঁকে রক্ষা করতে এগিয়ে আসতে হলো পুলিশকে। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রথম আলো

নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে মোহামেডান গ্যালারির সামনে পুলিশের সারিবদ্ধ অবস্থান। মাঠের উত্তেজনা গ্যালারিতে ছড়িয়ে পড়ায় সম্ভাব্য গোলযোগ ঠেকাতেই এই সতর্কতা। ততক্ষণে নয়জনের দল মোহামেডান। দুটি লাল কার্ড দেখার আগে সাদা-কালোরা গোল পেল একটি। সেই গোল ধরে রেখেই শক্তিশালী শেখ জামালকে হারানোর খুব কাছে চলে গিয়েছিল তারা।
অতিরিক্ত সাত মিনিট মাঠে উত্তেজনা ছড়াল আরও। নয়জন নিয়েই মোহামেডান দাঁতে দাঁত চেপে ঠেকিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। গোল পেতে মরিয়া শেখ জামাল সমতা আনার কয়েক সেকেন্ড পরই রেফারি আবদুল হান্নানের লম্বা বাঁশি।
ম্যাচ তখনো শেষ হয়েও হয়নি! মোহামেডানের এক বয় লাথি মারল রেফারিকে। সেই বয়কে পুলিশ পেটাল আচ্ছামতো। পূর্ব দিকের গ্যালারি থেকে মাঠে ছোড়া হলো ইটপাটকেল। রেফারিকে ঘিরে ধরে মোহামেডান খেলোয়াড়-সমর্থকদের তুমুল প্রতিবাদ। পুলিশ বেষ্টনীর মধ্যেও রেফারির গায়ে ধাক্কাটাক্কা লাগল। ঘরোয়া ফুটবলে এ যেন উত্তেজনাময় এক খণ্ড অতীত!
সেটি তিক্ততায় ভরা থাকল মোহামেডানের কাছে। রেফারিং নিয়ে মহাবিরক্ত মোহামেডান কোচ রুই ক্যাপেলা সংবাদ সম্মেলনে ক্ষোভ উগরে দিলেন, ‘আজ মাঠে তিনটি দল খেলেছে। মোহামেডান, শেখ জামাল এবং রেফারি! রেফারির বিরুদ্ধেও খেলতে হয়েছে আমাদের।’ পাশে বসে মোহামেডান ম্যানেজার আমিরুল ইসলামের হুঁশিয়ারি বাফুফেকে, ‘ক্লাব কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই পক্ষপাতমূলক রেফারিংয়ের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’
মোহামেডান বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে? প্রশ্নটা বাতাসে ভাসলই। এটা সত্যি, দুটি লাল কার্ড, মোহামেডানের সময়ক্ষেপণ মিলিয়ে ম্যাচে কিছু সময় নষ্ট হয়েছে। তবে দুটি লাল কার্ড ও সাত মিনিট অতিরিক্ত সময় দেওয়া নিয়ে মোহামেডানের ঘোর আপত্তি অন্য রকম ইঙ্গিতই দিল কাল সন্ধ্যার বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
৮২ মিনিটে শেখ জামাল মিডফিল্ডার সোহেল রানাকে বল ছাড়াই পেছন থেকে লাথি মারায় জাহিদকে দেওয়া সরাসরি লাল কার্ডকে অন্যায় মনে করছে মোহামেডান। ঠিক নয় মিনিট আগে সনি নর্দেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মোহামেডানের ক্যামেরুনিয়ান ডিফেন্ডার বাইবেক। আপত্তি সেটি নিয়েও।
সব এক পাশে রেখে এটিকেই মৌসুমের সবচেয়ে উপভোগ্য ও রুদ্ধশ্বাস ম্যাচ বলা যেতে পারে। ঘরোয়া ফুটবলের চিরন্তন উত্তাপ ফিরিয়ে আনায় অনেকে তো বলছিলেন, সপ্তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ তা হলে জমল শেষ পর্যন্ত!
সেটি সম্ভব হয়েছে মোহামেডান এ মৌসুমে নিজেদের সেরা ম্যাচটি খেলায়। লিগে আগের চার ম্যাচে এক হার, এক জয় আর দুই ড্রয়ের পর মোহামেডান একাদশে এদিন তিনটি পরিবর্তন আনেন পর্তুগিজ কোচ। সুযোগ পাওয়াদের একজন মিডফিল্ডার মেজবাবুল মানিক গোল করে ফেললেন ৬০ মিনিটে। বক্সের মাথা থেকে তাঁর দারুণ শটে লক্ষ্যভেদ।
এটা হুল ফোটাল শেখ জামালের গায়ে। আগের চার ম্যাচে টানা জয়ের পর হারের সংকেত দেখতে পাচ্ছিল ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। সেটিও লিগে এই প্রথম মাঠে নামা দলের প্রধান অস্ত্র সনি নর্দেকে নিয়ে! দুই ম্যাচ পর খেললেন আরেক প্রধান খেলোয়াড় মিডফিল্ডার মামুনুল। পঞ্চম লিগ ম্যাচে জামালের সেরা একাদশ মাঠে নেমেই মিনিট কুড়ির মধ্যে পেয়ে গেল বেশ কয়েকটি সুযোগ। নর্দে জ্বলে উঠলেও লক্ষ্যভেদে ব্যর্থ। অবশ্য প্রশংসা প্রাপ্য মোহামডান গোলরক্ষক টিটুর। মামুন খানের জায়গায় প্রথম একাদশে সুযোগ পেয়ে নিজেকে তুলে ধরলেন অভিজ্ঞ গোলরক্ষক।
চোট কাটিয়ে মাস তিনেক পর মাঠে নামা বদলি স্ট্রাইকার তকলিচকে করতালি দিয়ে অভিনন্দিত করা উচিত শেখ জামালের। শেষ মুহূর্তে তাঁর হেডে হার এড়াল শেখ জামাল। কোচ যোসেফ এক পয়েন্ট পেয়ে খুশি। তবে রেফারিং প্রশ্নে ‘নো কমেন্টস’ই বললেন বারবার।
আজকের খেলা: আবাহনী-বিজেএমসি (বিকেল ৪-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।